কিশোরগঞ্জ প্রশাসনের সামনে অবাধে নিষিদ্ধ কাঠ বেচাকেনা
চোরাই পথে আসা নিষিদ্ধ কাঠে হাওড় অঞ্চলের বিভিন্ন বাজার ছেয়ে গেছে।
পুলিশের সামনেই এসব কাঠ অবাধে বিক্রি হচ্ছে। কিন্তু পুলিশ রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে।
সূত্র জানায়, নেত্রকোণা ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী পাহাড়ী এলাকা থেকে সারা বছর নদী পথে চোরাই কাঠ পাচার হয়ে হাওড় অঞ্চলের বাজারগুলো ছেয়ে যায়। সেখান থেকেই এসব অবৈধ কাঠ উত্তর-পূর্বাঞ্চলীয় প্রসিদ্ধ কাঠ বাজার বা কাঠ ব্যবসা কেন্দ্রগুলোতে পাচার হয়।
কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হাওড় অঞ্চল সর্ববৃহৎ কাঠের বাজার হিসেবে পরিচিত। উপজেলাটি ঘোড়াউত্রা নদীর তীরে অবস্থিত হওয়ায় সারা বছর পাহাড়ী এলাকা থেকে নদী পথে নির্বিঘ্নে নিষিদ্ধ কাঠ চোরাই পথে পাচার হয়। এখানে দেশীয় কাঠের সঙ্গে চোরাই পথে আসা সেগুন, শাল ও গজারিসহ বিভিন্ন ধরনের মূল্যবান সাইজ করা কাঠ খোলা বাজারে অবাধে বিক্রি হয়।
মিঠামাইন থানার সামনে ও পুলিশের অষ্টগ্রাম সার্কেল অফিসের পাশে প্রতি সপ্তাহে একদিন কাঠের হাট বসে। প্রশাসনের নাকের ডগায় এসব নিষিদ্ধ কাঠ বিক্রি হওয়ার পরও তারা রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে।
