দিল্লিতে বিমানের বিকল হয়ে পড়া এয়ারবাসটি ঢাকায় আসছে ৩৬ ঘন্টা পর
যান্ত্রিক ত্রুটির কারণে দিল্লিতে বিকল হয়ে পড়া (গ্রাউন্ডেড) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারবাসটি মেরামতের প্রায় ৩৬ ঘন্টা পর দেশে ফিরছে।
বিমান সূত্র জানায়, বিমানের প্রকৌশলীরা গ্রাউন্ডেড এয়ারবাসের ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটির ভেঙে যাওয়া চারটি পাখা এরই মধ্যে বদলে ফেলে তা উড্ডয়ন উপযোগী করেছেন। শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টার দিকে এয়ারবাসটি ঢাকা পৌঁছানোর কথা।
বৃহস্পতিবার ঢাকা দিল্লি রুটের ওই ফ্লাইটটির (বিজি ০৯৭) একটি ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় উড়োজাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমানের ওই ফ্লাইটটির দিল্লি বিমানবন্দরে অবতরণে কোনো সমস্যা হয়নি। যাত্রীরাও অক্ষত ছিলো।
সূত্র জানায়, সকাল ১১ টার দিকে ওই ফ্লাইটটি ১৪৩ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে রওনা হয়ে বেলা ২টার দিকে দিল্লিতে নামার পর প্রকৌশলীরা রুটিন চেক করতে গেলে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। উড়োজাহাজটির এক নম্বর ইঞ্জিনের চারটি পাখা ভেঙে যায়।
