রাজধানীতে জাপানী হর্ণ বাদকের একক কনসার্ট ১৭ আগস্ট
জাপানের ফিলহারমোনিক অর্কেস্ট্রার শীর্ষ স্থানীয় একজন হর্ণ বাদক ১৭ আগস্টে রাজধানীতে এক চ্যারিটি কনসার্টে অংশ নিচ্ছেন।
বাংলাদেশস্থ দূতাবাসের সহযোগিতায় এনজিও ‘একমাত্রা’র উদ্যোগে এই কনসার্ট ১৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ছ’টায় রাশিয়ান কালচারাল সেন্টারে (বাড়ি নং ৫১০, রোড নং ৭, ধানমন্ডি) অনুষ্ঠিত হবে।
নোবুয়াকি (২৪) প্রখ্যাত জাপান ফিলহারমোনিক অর্কেস্ট্রার প্রধান হর্ণ বাদক। তিনি ইতোমধ্যে অর্কেস্ট্রা জগতে একটি বিশেষ স্থান দখল করে নিয়েছেন।
নোবুয়াকি বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সাথে জড়িত। এছাড়া বিভিন্ন চ্যারিটি অনুষ্ঠানে ইতোমধ্যেই অংশগ্রহণ করেছেন। চ্যারিটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যই তিনি জাপান থেকে এসেছেন। একমাত্রা’র শিশুদের সাথেও তিনি কাজ করবেন।
একমাত্রা কাজ করে সাধারণত অবহেলিত, নির্যাতিত, ন্যুনতম নাগরিক সুবিধাবঞ্চিত ও পরিচয়হীন শিশুদের নিয়ে।
কনসার্টের প্রবেশ ফি ৩০০টাকা। কনসার্ট থেকে আয়ের পুরো টাকাটাই দেয়া হবে মিরপুরের পুনর্বাসন কেন্দ্র ও একমাত্রা’র পথ শিশুদের জন্য সহায়তা প্রকল্পের আওতায় বিভিন্ন স্থানে উন্মুক্ত ক্লাস পরিচালনার জন্য।
