২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রাপোল সীমান্তে হয়রানির মুখে বাংলাদেশী যাত্রী

ভারতে ভ্রমণকারী বাংলাদেশের পাসপোর্টযাত্রীদের পেট্রাপোল সীমান্তে হয়রানি ও নাজেহাল হওয়ার ঘটনা মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে। পেট্রাপোল চেকপোস্টের কাস্টমস, ইমিগ্রেশন পুলিশ, বিএসএফ এবং দালালদের বাড়াবাড়ি আশংকাজনকভাবে যাত্রীদের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2005, 01:14 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

সম্প্রতি বিএসএফ দু’জন যাত্রীকে  নিগৃহিত করেছে এবং ৫০ জন যাত্রীর কাছ থেকে প্রায় এক হাজার মার্কিন ডলার ইমিগ্রেশন পুলিশ কেড়ে নিয়েছে। চেকিং এর নামে কাস্টমস কর্তৃপক্ষ রেখে দিচ্ছে যাত্রীদের ব্যক্তিগত  পছন্দের জিনিস পত্র। প্রতিকার চাইতে গিয়ে মিলছে লাঞ্চনা এবং গঞ্জনা। পেট্রাপোলের হয়রানির এ দৃশ্য এখন নিত্যদিনের সমস্যা। ভারত ফেরত বাংলাদেশী যাত্রীরা এসব অভিযোগ করেন।

জানা গেছে, ঢাকা তাঁতী বাজারের রঘুনাথ ঘোষ (পাসপোর্ট নং ইউ ০৮৩৮৫৬১) নামে একজন যাত্রীর কাছ থেকে ১১ আগস্ট বৃহস্পতিবার ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ভয়ভীতি দেখিয়ে ১০০ মার্কিন ডলার কেড়ে নেয়। অনুরূপভাবে ১০ আগস্ট ঢাকা সাভারের ইকবাল হোসেন (পাসপোর্ট নং এক্স ০০৭১২৯৯), ফরিদপুরের নাসির উদ্দীন (পাসপোর্ট নং ডব্লিউ ০৮৫০০৭৯), মেহেরপুরের জিল্লুর রহমান (পাসপোর্ট নং ডব্লিউ ০৮৭২১১৩), মিজানুর রহমান (পাসপোর্ট নং ডব্লিউ ০২৫২৪০২), ফরিদপুরের লুৎফর রহমান (পাসপোর্ট নং ডব্লিউ ০০৮১৭৯৬) এদের প্রত্যেকের কাছ থেকে একশ’ মার্কিন ডলার এবং কুমিল্লার জাকির হোসেনের কাছ থেকে ৬০ ডলার, শরিয়তপুরের মোবাকর হোসেনের কাছ থেকে ১৫০ ডলার ভারতীয় ইমিগ্রেশন পুলিশ কেড়ে নেয়। ভারতীয় কাস্টমস, ইমিগ্রেশন পুলিশ, বিএসএফ ও দালালরা একত্রিত হয়ে যাত্রীদের হয়রানি করে থাকে বলে যাত্রীরা অভিযোগ করেন।

এখানে ব্যাগেজ রুলের কোন নিয়ম কানুন মানা হয় না।  ভারত ফেরত এসব যাত্রীদের কাছ থেকে প্রতিদিনই কেড়ে নেয়া হচ্ছে ডলার, টাকা, মোবাইল, পছন্দের জিনিসপত্র ও কাপড়-চোপড়। এসব হয়রানির প্রতিকার চেয়ে তাৎক্ষনিক অভিযোগ করলে মিলছে না প্রতিকার বরং বাড়ছে হয়রানি।

১০ আগস্ট বুধবার উৎকোচ দিতে অপারগতা প্রকাশ করায় ভারত ফেরত চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেপুর গ্রামের পাসপোর্ট যাত্রী জামাল উদ্দিনকে পিটিয়ে জখম করেছে বিএসএফ। অনুরূপভাবে ৮ই আগস্ট ফেনীর দাগনভুঁইয়ার নাথপুর গ্রামের জাহাঙ্গির আলম (পাসপোর্ট নং আর ০৪৩০৪৪৬) ভারতে যাওয়ার সময় পেট্রাপোল চেকপোস্টে কর্তব্যরত বিএসএফ তাকে ক্যাম্পে নিয়ে শারীরিক নির্যাতন ও জখম করে। পরে তার পাসপোর্ট কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে এবং ক্যাম্পে আটকে রাখে। দীর্ঘ সময় আটক থাকার পর কৌশলে তিনি সেখান থেকে বেনাপোল চেকপোস্টের বিডিআরকে জানান। বেনাপোল চেকপোস্টের বিডিআর জওয়ানরা বিএসএফ এর কাছে এ ঘটনার তীব্র নিন্দা জানায়।

বেনাপোল দিয়ে এখন যাত্রীরা ভারতে যাওয়া নিরাপদ মনে করছে না। উল্লেখ্য প্রতিদিন বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে প্রায় ১০০০ যাত্রী ভারত-বাংলাদেশ যাতায়াত করে থাকে।