২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দেশের প্রথম টেলিমেডিসিন কেন্দ্রের উদ্বোধন

ফরিদপুরে দেশের প্রথম টেলিমেডিসিন কেন্দ্রের কার্যক্রম বৃহস্পতিবার শুরু হয়েছে। ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে এ কেন্দ্রের উদ্বোধন করেন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ গ্রামীন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং গ্রামীন টেলিকম এর চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

ড. ইউনুস বলেন, এ কেন্দ্র চালু হওয়ার ফলে বিশেষজ্ঞ ডাক্তারের  সাথে পরামর্শ করার জন্য এ অঞ্চলের রোগীদের, বিশেষ করে গরীব রোগীদের প্রভূত উপকার  হবে।

তিনি আরও বলেন, এর ফলে রোগীদের অর্থ, সময় ও দুর্ভোগ হ্রাস পাবে।

অধ্যাপক এম. এ. সামাদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নাসির উদ্দিন খান, সিভিল সার্জন ডা. এম. এম আবুল খায়ের মিয়া এবং ফরিদপুর ডায়াবেটিক সমিতির সম্পাদক অধ্যাপক শেখ আব্দুস সামাদ।

উদ্বোধনের পরপরই এ কেন্দ্রের প্রথম রোগী গোপালগঞ্জের মাকসুদপুর উপজেলার হাজরাগাতি গ্রামের ৬৫ বছরের বাসুদেব বালা প্রচন্ড পেট ব্যথাসহ তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগের জন্য প্রখ্যাত চিকিৎসক ডা. এ.কে. আজাদ খানের সাথে সরাসরি আলাপ করে ব্যবস্থাপত্র গ্রহণ করেন।

ডায়াবেটিক সমিতি, গ্রামীণ টেলিকম, গ্রামীণ ফোন ও ফরিদপুর ডায়াবেটিক সমিতি এবং ঢাকার প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকদের সহায়তায় এ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে।