শস্য উৎপাদনে জিএমও পদ্ধতি প্রবর্তন করবে বাংলাদেশ : কৃষি মন্ত্রী
প্রতিবছর শতকরা ১ দশমিক ৪৮ হারে দেশের জনসংখ্যা বৃদ্ধি এবং চাষযোগ্য জমির পরিমাণ এক শতাংশ হ্রাস পাওয়ার পেক্ষিতে বাংলাদেশ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে জৈব প্রযুক্তি এবং জিএমও প্রযুক্তিকে স্বাগত জানাবে।
কৃষি মন্ত্রী এম কে আনোয়ার বুধবার একটি কর্মশালায় একথা বলেন।
তিনি আরও বলেন, এক্ষেত্রে সরকারের প্রথম কাজ হচ্ছে এ পদ্ধতি পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, তা নিশ্চিত করা। এর জন্য চাই জিএমও পদ্ধতিতে উৎপাদিত বিভিন্ন শস্যের ওপর গবেষণা।
মন্ত্রী বুধবার ‘ইনটেলেকচুয়াল প্রপার্টি রাইটস, টেকনোলজি ট্রান্সফার অ্যাণ্ড সোসিও-ইকনোমিক ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট অব জেনেটিক্যালি মডিফাইড ক্রপস’ শীর্ষক দুদিনব্যাপী এক কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. নুরুল আলম।
দেশের কিছু খ্যাতনামা বিজ্ঞান গবেষণাগারে জিএমও পদ্ধতি এবং প্রযুক্তি হস্তান্তর নীতিমালা পরিচিত করতে বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ ও কৃষি বায়োলজি সাপোর্ট প্রকল্প-২ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
মন্ত্রী বলেন, ক্ষতিকর প্রভাব পড়তে পারে-এই আশংকায় কোনও দেশই সম্প্রসারিত খাদ্যশস্যের ওপর গবেষণা এড়িয়ে চলতে পারে না।
কৃষি মন্ত্রী জানান, বাংলাদেশ বিদেশ থেকে জিএমও পদ্ধতিতে উৎপাদিত সয়াবিন তেল আমদানি করলেও দেশে এখনও এধরণের খাদ্যশস্য উৎপাদন শুরু হয়নি।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্র্ণেল ইউনিভার্সিটির কৃষি বায়োটেকনোলজি সাপোর্ট প্রকল্প-২ (এবিএসপি২) এর পরিচালক ড. ফ্রাঙ্ক এ শোটকোস্কি, বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদের সদস্য পরিচালক (শস্য) ড. আবদুর রাজ্জাক, এবিএসপি২-এর দক্ষিণ এশীয় আঞ্চলিক সমন্বয়ক কে. বিজয়রাঘবন প্রমুখ।
এম কে আনোয়ার বলেন, ২০২০ সাল নাগাদ দেশের জনসংখ্যা হবে প্রায় ১৭৩ মিলিয়ন। তাই ক্রমবর্ধমান এ জনসংখ্যার জন্য ওই সময়ের মধ্যে আমাদের পাঁচ থেকে ছয় মিলিয়ন অতিরিক্ত খাদ্য শস্য উৎপাদন করতে হবে।
তিনি বলেন, কেবল প্রথাগত কৃষি প্রযুক্তির মাধ্যমে এ লক্ষ্যমাত্র অর্জন সম্ভব নয়। তাছাড়া এখনও অনেক প্রযুক্তিই কৃষকের হাতে পৌঁছায়নি। তাই উৎপাদন বাড়াতে বায়োটেকনোলজিই আধুনিক উপায় বলে মন্ত্রী উল্লেখ করেন।
