২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশীদের চেয়ে দেশীয় পরামর্শক ও নির্মাতাদের যোগ্যতা কম নয়: সেমিনারে অভিমত

সেতু ও মহাসড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নে বিদেশীদের চেয়ে দেশীয় পরামর্শক ও নির্মাতা প্রতিষ্ঠানের দক্ষতা ও অভিজ্ঞতা কম নয়। ব্রিজ ইঞ্জিনিয়ারিং বিষয়ক তিনদিনব্যাপী সেমিনারের উদ্বোধনী দিনে বুধবার বক্তারা একথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 05:39 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

সড়ক ভবন মিলনায়তনে  আয়োজিত এ অনুষ্ঠানে তারা বলেন, প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও কালক্ষেপণ রোধে এসব প্রকল্পে দেশীয় পরামর্শক ও নির্মাতা প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়া উচিত।

বাংলাদেশের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি), সড়ক ও জনপথ অধিদপ্তর ও যমুনা বহুমুখি সেতু কর্তৃপক্ষ এবং জাপানের সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স (জেএসসিই) যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করে।

আইইবি’র সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।

বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, জেএসসিই’র সভাপতি প্রফেসর মাসাটসুগু নাগাই, আইইবির সভাপতি ড. আনোয়ারুল আজিম, সাধারণ সম্পাদক এএনএইচ আকতার হোসেন, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী একেএম ফায়জুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এএসএম সাইফুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যোগাযোগ ও পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। তাই জাপানসহ বিভিন্ন দেশের সহায়তা নিয়ে সরকার একটি দক্ষ ও কার্যকর যোগাযোগ ও পরিবহন কাঠামো গড়ে তুলেছে।

দেশীয় প্রকৌশলী ও নির্মাতাদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, মহাসড়ক ও সেতুসহ আধুনিক প্রযুক্তিভিত্তিক অবকাঠামো নির্মাণে দেশীয় প্রকৌশলীদের পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে।

বক্তারা বলেন, প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক নির্ভরতা থাকলেও গত তিন যুগে সড়ক যোগাযোগ অবকাঠামো নির্মাণে দেশীয় প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্বমানের অনেক সাফল্য ও অভিজ্ঞতা অর্জন করেছে। এসব প্রতিষ্ঠান ও পরামর্শকদের সড়ক, মহাসড়ক ও সেতু নির্মাণে জরিপ, ডিজাইন ও প্রকল্প বাস্তবায়নের সুযোগ দেওয়া হলে দক্ষ মানব সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে।