স্বামীর দেনা পরিশোধ করতে কিডনি ও চোখ বিক্রি করতে চায় চাঁদপুরের এক গৃহবধূ
পাওনাদারদের দেনা শোধ করতে চাঁদপুরের ফরিদগঞ্জের কবির রূপসা গ্রামের গৃহবধূ নার্গিস আক্তার তার কিডনী ও চোখ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন।
নার্গিস জানায়, সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য স্বামীকে গত এক বছর আগে সৌদি আরবের উদ্দেশ্যে পাঠানের জন্য নিজের টিউশনির কিছু সঞ্চিত অর্থসহ বাদ--বাকি প্রায় এক লাখ টাকা ধার--দেনা করেন। মোট দেড় লাখ টাকা দিয়ে কুমিল্লার চান্দিনা এলাকার ইউপি চেয়ারম্যান নূরুর মাধ্যমে তাকে বিদেশ পাঠায়। কিন্তু দুর্ভাগ্যবশত নার্গিসের স্বামীকে সৌদি আরব না পাঠিয়ে গলাকাটা ভিসায় তাকে পাঠানো হয় মালদ্বীপে।
গত ৭/৮ মাস ধরে নার্গিসের স্বামী জেলে রয়েছে।
এদিকে সঠিক সময়ে পাওনাদারের টাকা পরিশোধ করতে না পেরে ঋণ নেয়া টাকার পরিমাণ দাঁড়িয়েছে সুদাসলে প্রায় তিন লাখ টাকা। প্রতিদিনই পাওনাদারা নার্গিসের বাড়িতে এসে হানা দেয় টাকা পরিশোধ করার জন্য। কিন্তু নিরুপায় নার্গিস বর্তমানে রিক্ত। ফলে পাওনাদারদের টাকা পরিশোধ করার চিন্তায় ঘুম নেই তার।
ঋণের দায়ে জর্জরিত নার্গিসের সংসার চলে অনেকটা না খেয়ে। ঠিকমতো দু’বেলা খাওয়ার চাল থাকে না ঘরে।
নার্গিস বিডিনিউজকে জানান, নিজের কিডনী ও চোখ বিক্রি করে হলেও পাওনাদারদের টাকা পরিশোধ করবে। কিন্তু তা ক্রয়ের জন্য নার্গিস কোনো ক্রেতা না পেয়ে ইতিমধ্যে ঢাকার কয়েকটি হাসপাতাল ঘুরে এসেছে।
নার্গিস কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার অবুঝ দু‘টি সন্তানকে বাঁচাতে আমার আর কোনো বিকল্প পথ নেই। আমি আমার কিডনী ও চোখ বিক্রি করতে আবার ঢাকা যাব।
