ইইউ দেশগুলোতে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়া উচিত : যোগাযোগ মন্ত্রী
যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোর প্রতি সার্বজনীন বিশ্বভ্রাতৃত্বের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরনার্থীদের নিজ নিজ দেশে আশ্রয় দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য আহ্বান জানিয়েছেন।
সোমবার জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার বিষয়ক ঢাকা সেমিনার-২০০৫ এ মন্ত্রী এ আহবান জানান। সেন্টার ফর ডেভেলপমেন্ট স্টাডিজ, হিউম্যান রাইটস ফোরাম এবং বিএলএ এর যৌথ উদ্যোগে বাংলাদেশে রোহিঙ্গা উদ্বাস্তুদের দুর্দশা নিয়ে আলোচনার জন্য এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন বিচারপতি (অব.) এমএ ওয়াহাব, জাতিসংঘ শরণার্থী কমিশনের ঢাকাস্থ প্রতিনিধি ক্রিস্টোফার বি.সি.লী, ইউরোপীয় ইউনিয়নের মিস জেনে ক্রিস্টিয়েন প্রমুখ।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ একটি দরিদ্র ও উন্নয়নশীল রাষ্ট্র। তাই বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রের পক্ষে রোহিঙ্গা শরণার্থীদের চাপ বহন করা সম্ভব না।
