২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসির বিরুদ্ধে পেট্রোবাংলা কর্মকর্তা ও প্রবাসীদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ

ভয়ভীতি প্রদর্শন করে পেট্রোবাংলার একজন উর্ধ্বতন কর্মকর্তা এবং প্রবাসী কয়েকজন ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণের অভিযোগ উঠেছে নোয়াখালী জেলার সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 06:02 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

জয়পুরহাট চুনা পাথর খনি ও সিমেন্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জয়নাল আবেদীন সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজেমুর রশিদের বিরুদ্ধে এ অভিযোগ আনেন।

টেলিফোনে অভিযুক্ত ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করেন।

জয়নাল আবেদীন বলেন, গত ২৭ জুলাই পারিবারিক কাজে নোয়াখালীর সেনবাগ থানার বীজবাগ মৌজায় গেলে তিনজন পুলিশ সদস্য তার বাসায় যায়। পুলিশ সদস্যরা তাকে জোর করে থানায় নিয়ে যায়।

জয়নাল বলেন, ওসি আমাকে অকথ্য ভাষায় গালিাগালাজ করে এবং অস্ত্র, ডাকাতি, হত্যা ও অন্যান্য মামলায় জড়িয়ে আদালতে চালান করার হুমকি দেয়। ওসি আমার কাছে এক লক্ষ টাকাও দাবি করে।

তিনি বলেন, রাতে আমার মেজ ছেলে মামুন দুটি পাঁচশ টাকার বান্ডিলে এক লাখ টাকা ওসিকে দেয়। এসময় ওসি জোর করে পাঁচ/ছয়টি সাদা কাগজে আমার স্বাক্ষর রাখে এবং একটি অঙ্গীকার নামায় স্বাক্ষর নেয়। বিষয়টি কারও কাছে প্রকাশ করা হলে আমার পরিণতি খারাপ হবে বলেও হুমকি দেয়।

জয়নাল জানান, সেনবাগ এলাকায় ওসির নির্দেশে একটি দালাল চক্র কাজ করে। এলাকায় কার কাছে কত টাকা, কে বিদেশ থেকে দেশে ফিরেছে -- এসব তথ্য দালাল চক্রটি ওসিকে জানায়। পরে ওসি নামে--বেনামে ওই সব ব্যক্তির নামে এজাহার দায়ের করে তাদের থানায় ডেকে এনে হুমকি দিয়ে ঘুষ আদায় করেন। এমনকি হাজতে পাঠিয়ে ভিসাপত্রও নষ্ট করে দেন।

পেট্রোবাংলার কর্মকর্তা অভিযোগ করেন, এ চক্রটি বীজবাগ গ্রামের ১০টি বাড়ির ৫০০ পরিবারের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের ঘরছাড়া করেছে।

জয়নাল বলেন, আমি বিষয়টি নোয়াখালীর পুলিশ সুপারকে অবহিত করলেও অজ্ঞাত কারণে তিনি অভিযুক্ত ওসির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি। বরং তিনি আমাকে আদালতে যাওয়ার পরামর্শ দেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী মাহবুবুল আলম এবং সেনবাগের অধিবাসী গোলাপ রহমান ও মুজিবর রহমান।