নতুন ভোটার তালিকা তৈরি করবে নির্বাচন কমিশন, দিনভর লুকোচুরি খেলার পর সিদ্ধান্ত
দিনভর নাটক ও লুকোচুরি খেলার মধ্য দিয়ে নির্বাচন কমিশন রোববার আগামী সংসদ নির্বাচনের জন্য নতুন ভোটার তালিকা তৈরির সিদ্ধান্তে নিয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ সাংবাদিকদের বলেন, ভোটার তালিকা প্রস্তুত সংক্রান্ত আইনের ধারা ঘেঁটে অবশেষে আমরা নতুন ভোটার তালিকা তৈরির সিদ্ধান্ত নিয়েছি।
চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য রোববার বৈঠকে বসার কথা থাকলেও প্রধান নির্বাচন কমিশনার অন্য দুই নির্বাচন কমিশনারের কাছে নথিপত্র পাঠিয়ে এ সিদ্ধান্ত নেন।
এর আগে শনিবার বৈঠকে বসলেও কমিশন কোনও সিদ্ধান্তে পৌঁছতে ব্যর্থ হয়।
তবে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী অভিযোগ করে বলেন, শনিবারের বৈঠকে তাদের (দুই কমিশনার) মন্তব্য সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়নি।
নতুন ভোটার তালিকা প্রস্তুত কিংবা আগের ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে মোহাম্মদ আলী বলেন, তিনি নির্বাচনী আইন, ১৯৮২ এর আলোকে সিদ্ধান্ত নেওয়ার জন্য নথিতে সুপারিশ করেছেন।
তিনি বলেন, ১৯৮৩ সাল থেকে নির্বাচন কমিশন যেভাবে ভোটার তালিকা প্রস্তুত করে আসছে, আমরা সেভাবেই তালিকা প্রস্তুত করব। তিনি আরও বলেন, নির্বাচনী আইন সংশোধন ছাড়াই ১৯৮৩, ১৯৯০, ১৯৯৫ ও ২০০০ সালে নির্বাচন কমিশন নতুন ভোটার তালিকা তৈরি করে।
তবে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ একে মোহাম্মদ আলীর অভিযোগ অস্বীকার করেছেন। তিনি কমিশনের গোপন বিষয় প্রকাশ করে দেয়ার জন্য মোহাম্মদ আলীর ওপর ক্ষোভ প্রকাশ করেন।
অনেকটা ক্ষুব্ধ কন্ঠে এমএ আজিজ বলেন, নির্বাচন কমিশনের একাধিক সদস্য থাকলে সেখানে একজন চেয়ারম্যান থাকবে। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারই কমিশনের চেয়ারম্যান এবং মুখপাত্র হওয়া উচিত তারই। কমিশনের সিদ্ধান্ত সম্পর্কে বা এখানে কি ঘটছে তা তিনিই অন্যদের জানাবেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনাররা কখনও কখনও নিয়ম ভঙ্গ করেছেন...এটা অন্যায়।
সংবাদপত্র বা গণমাধ্যমের সাথে কথা বলার ব্যাপারে দুই নির্বাচন কশিনারের সীমাবদ্ধতা সম্পর্কে তিনি বলেন, তার কার্যালয় থেকে এ সম্পর্কিত কোনও নির্দেশ দেয়া হয়নি।
তিনি বলেন, আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য শনিবার বৈঠক করেছি এবং সেখানে দেখা যায় আগের সকল নির্বাচন নতুন ভোটার তালিকা অনুযায়ীই অনুষ্ঠিত হয়েছে। তাই এবারও আগেরগুলোর মতো নতুন ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ব্যয়বহুল হলেও আমরা নতুন ভোটার তালিকা তৈরির জন্য সচিবালয়কে নির্দেশ দিয়েছি। অর্থ প্রাপ্তি সাপেক্ষে সচিবালয় যত শিগগির সম্ভব কাজ শুরু করবে।
কমিশনের সকল সদস্যের মতামত নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সকল সদস্যেরকে জানানোর কোনও দরকার নাই।
আলোচনা সভার জনমত বিবেচনা করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি এবং অতীতেও এরকমই হয়েছে।
গত মাসের ২৬ থেকে ২৮ তারিখ নির্বাচন কমিশন ভোটার তালিকা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মতামত জানার জন্য ধারাবাহিক সংলাপের আয়োজন করে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল আলোচনা সভা প্রত্যাখ্যান করে। এছাড়া বিকল্প ধারা বাংলাদেশ, গণফোরাম এবং কৃষক শ্রমিক জনতা লীগও সংলাপে যোগ দেয়নি।
মোট ১১৭টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানালেও এতে উপস্থিত হয়েছিল ৫৩টি দল। সংলাপে ক্ষমাসীন জোটের চার শরিক বিএনপি, জামায়াত-ই-ইসলামী, ইসলামী ঐক্যজোট ও বিজেপিসহ (নাজিউর) ৩৭টি দল নতুন ভোটার তালিকার পক্ষে এবং অন্য ১৫টি দল বর্তমান ভোটার তালিকা সংশোধনের পক্ষে তাদের মতামত দেয়।
