লাথি খেয়ে মৃত সন্তান প্রসব
প্রতিপক্ষের লাথি খেয়ে মৃত সন্তান প্রসব করেছে জেলার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামের গৃহবধূ সেলিনা বেগম (২০)। শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে সে মৃত সন্তান প্রসব করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩১ জুলাই উপজেলার নূরপুর গ্রামে সেলিনা বেগমের শ্বশুর আবু মিয়ার সাথে ধান কাটা নিয়ে তাদের পার্শ্ববর্তী বাড়ির রফিজ মাস্টারের ঝগড়া হয়। এ সময় আবু মিয়ার বাড়িতে প্রতিপক্ষ রফিজ মাস্টার এবং তার ছেলে কামাল ও দুলু হামলা চালায়। হামলায় আবু মিয়ার স্ত্রী, পুত্র ও পুত্রবধূসহ চারজন গুরুতর আহত হয়। সেলিনার শাশুড়ি জানান, হামলার সময় সেলিনার পেটে কামাল মিয়া সজোরে লাথি মারে। এতে সাত মাসের অন্তঃসত্ত্বা সেলিনা অজ্ঞান হয়ে যায়।
পরে তাকে ব্রহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সে একটি মৃত সন্তান (ছেলে) প্রসব করে।
