মোর্শেদ-নটবর বৈঠক: অনুপ্রবেশ ও সন্ত্রাসীদের আশ্রয়দান ইস্যুতে মতপ্রার্থক্য
ভারত ও বাংলাদেশের মধ্যে শনিবার অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে দু’দেশের মধ্যকার স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে নিরাপত্তার বিষয়টি বেশি প্রাধান্য পায়। ‘অবৈধ অনুপ্রবেশ’ ও ‘সন্ত্রাসীদের আশ্রয়দান’ ইস্যুতে দু’ পক্ষের মধ্যে মতভেদ প্রকাশ পায়।
শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রী কে নটবর সিং এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, যেসব কারণে দু’পক্ষের সরকারই রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন, সেসব অবৈধ কার্যক্রম এবং সীমান্তে অপরাধ ও দু’দেশের সীমান্ত প্রহরীদের মধ্যেকার উত্তেজনা নিয়ন্ত্রণ প্রয়োজন।
এদিকে ঢাকা তার অবস্থানে অবিচল রয়েছে। বৈঠকে তারা আবারও জানিয়েছে, বাংলাদেশের মাটিতে কোন সন্ত্রাসী গ্র“প ভারত বিরোধী তৎপরতা চালাচ্ছে না।
পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন সাংবাদিকদের বলেন, আমাদের মাটিতে কোন দেশের বিরুদ্ধে কাউকে সন্ত্রাসী তৎপরতা চালাতে দিচ্ছি না এবং দেবও না।
রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় মোর্শেদ খান ও নটবর সিংয়ের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয় এবং পরে তারা রাষ্টীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে উপস্থিত হন।
যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক সচিব হেমায়েত উদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব শ্যাম শরণ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
পনের মাস আগে ভারতের দিল্লিতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম কোনও ভারতীয় মন্ত্রীর বাংলাদেশ সফর।
বৈঠকে অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আলোচনার জন্য ভারত একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজনের প্রস্তাব রেখেছে। নটবর সিং বলেন, বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন ব্যাপারে ভারত উদ্বীগ্ন রয়েছে।
অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, তারাও বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন। এ নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে।
বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের কারাগারে আটক বিদ্রোহী গ্র“পের নেতাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে প্রস্তাবিত অপরাধী বিনিময় চুক্তির বিষয়টিও উত্থাপন করেন।
ভারতীয় পররাষ্ট্র সচিব শ্যাম শরণ বলেন, আমি আবার পুনরাবৃত্তি করতে চাই, আমরা প্রস্তাবিত অপরাধী বিনিময় চুক্তি এবং পারস্পরিক আইন সহায়তা চুক্তির ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। চুক্তির ধারাগুলো বাংলাদেশ পরীক্ষা করছে। আমরাও চুক্তিগুলো খতিয়ে দেখছি।
আনুষ্ঠানিক বৈঠকে ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদের ব্যাপারে বাংলাদেশের সমর্থন কামনা করে।
ব্রিফিংকালে নটবর সিং বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ককে ভারত সরকার সব সময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আমরা বন্ধুত্ব, বিশ্বাস ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সংলাপ আয়োজনের মাধ্যমে উভয় দেশের সম্পর্ক জোরদার করতে অঙ্গীকারাবদ্ধ।
তিনি আরও বলেন, বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিতর্ক সৃষ্টিকারি ইস্যু ১৯৭৫ সালের সীমান্ত গাইড লাইন নিয়েও আলোচনা করা হয়। আমরা উভয়েই আমাদের সীমান্তের সবচেয়ে ভাল ব্যবস্থাপনার গুরুত্বের ব্যাপারে সম্মত হয়েছি। ১৯৭৫ সালের সীমান্ত গাইড লাইনের ব্যাখ্যা নিয়ে আমাদের মধ্যে কিছু মত পার্থক্য ছিল। এখন উভয় পক্ষ শান্তিপূর্ণ ও সংঘাতমুক্ত সীমান্ত ব্যবস্থাপনার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ।
উভয় পররাষ্ট্র মন্ত্রী বৈঠকে বহুল আলোচিত ট্রান্স মায়ানমার ইস্যু নিয়েও আলোচনা করেন।
নটবর সিং বলেন, আমাদের মধ্যে ত্রিদেশীয় গ্যাস পাইপ লাইন প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। এ ব্যাপারে আমাদের ইকনমিক লজিক অব বেনিফিট সংক্রান্ত মতামত সংশ্লিষ্ট তিনটি দেশই গ্রহণ করেছে।
পরে তিনি অর্থমন্ত্রী সাইফুর রহমানের সাক্ষাৎ করেন এবং এ ব্যাপারে আলোচনা করেন।
সাইফুর রহমানের বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, দু'দেশের মধ্যকার বিরোধ নিরসনে বিশেষজ্ঞ পর্যায়ে পরিবর্তে রাজনৈতিক পর্যায়ে বৈঠকের প্রয়োজন।
এছাড়াও তিনি দু দেশের মধ্যে বড় ধরণের বাণিজ্য ঘাটতি হ্রাস, নেপাল ও ভুটানের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য ভারতীয় করিডোর ব্যবহার এবং এই দুই দেশ থেকে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে আসার আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রী মোরশেদ খান নটবর সিংয়ের এই সফরকে ‘মাইলস্টোন সফর’ হিসেবে উল্লেখ করে বলেন, এতে দ্বিপক্ষীয় মৈত্রীবন্ধন আরও জোরালো হবে। দুই দেশের উচ্চ পর্যায়ের বিনিময়ের ক্ষেত্রে এই সফর সহায়ক হবে।
এছাড়াও উভয় পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে ভারতের সহায্য সহযোগিতা, উভয় দেশের বাণিজ্য ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা এবং শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিনিময় সম্প্রসারণের ব্যাপারেও আলোচনা করেন।
তারা উভয় দেশের মধ্যে একটি সাংস্কৃতিক বিনিময় চুক্তি স্বাক্ষর করেন।
নটবর সিং বলেন, দুই দেশের জনগণের কল্যাণের জন্য প্রয়োজনীয় টেকসই ও গঠনমূলক পারস্পারিক দ্বিপাক্ষিক সম্পর্কের কথা আমরা পুনর্ব্যক্ত করতে চাই।
শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে নটবর সিং ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে করে ঢাকা পৌঁছান। বাংলাদেশের পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে বিমান বন্দরে স্বাগত জানান।
সন্ধ্যায় তিনি ড. কামালসহ বাংলাদেশের বেশ কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে তার হোটেল স্যুটে সাক্ষাৎ করেন।
রোববার নটবর সিং প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
