২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের হাতে অস্ত্রসহ ছাত্রদল ক্যাডার মামুন ও ‘ডগ শিশির’ গ্রেফতার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) শনিবার নগরীর শাহবাগ এলাকা থেকে অস্ত্রসহ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুল ইসলাম মামুন ও ছাত্রদল ক্যাডার হারুন অর রশিদ শিশির ওরফে ‘ডগ শিশির’কে গ্রেফতার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 08:02 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক বিডিনিউজকে জানান, র‌্যাব-২ এর একটি দল দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে থেকে অস্ত্র ও গুলিসহ হাতেনাতে তাদের গ্রেফতার করে। 

তিনি জানান, গ্রেফতারকৃত মামুন ও শিশিরকে র‌্যাব-২ এর হেফাজতে রাখা হয়েছে।

সূত্র জানায়, মুস্তাফিজুল ইসলাম মামুন ১৯৯৯ সালে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে, নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি থাকাকালে হারুন অর রশিদ শিশির ওরফে ‘ডগ শিশির’ ছিলেন সহযোগী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। 

সূত্র জানায়, মামুন ও শিশির উভয়ই  নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এবং বিএনপি নেতা ও ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার খাজা হাবিবের ক্যাডার।

ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মামুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এর আশপাশের এলাকার ফেনসিডিল ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল। রাজধানী ও দেশের অন্যান্য অঞ্চলের বেশ কিছু সন্ত্রাসী গ্র“পের সাথে তার যোগসূত্র রয়েছে।

নারায়ণগঞ্জের ছেলে মামুন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিল। ছাত্রদলের নেতা থাকাকালে সে ক্যাম্পাসসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কিছু ক্যাডার গ্র“পের নেতৃত্ব দিয়েছে এবং অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে।

অপরদিকে দর্শন বিভাগের ছাত্র ছিল ‘ডগ শিশির’। সে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অবস্থান করছিল।

মামুন ও শিশির উভয়ই ক্যাম্পাসে টেন্ডার দখল, চাঁদাবাজি, অপহরণ ও হল নিয়ন্ত্রণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ ও টেন্ডার দখলসহ বেশ ক’টি মামলা রয়েছে।

২০০৩ সালের নভেম্বরে জগন্নাথ হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করে মামুন ও তার সহযোগীরা যখন হল দখল করে তখন প্রায় সকল জাতীয় দৈনিকে তাদের অস্ত্র হাতে নিয়ে থাকা ছবি প্রকাশিত হয়েছিল।