রংপুরে স্ত্রী হত্যার দায়ে একজনের ফাঁসি
যৌতুকের কারণে স্ত্রী হত্যার দায়ে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল শনিবার আকিবুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন।
বিচারক মোল্লা মোস্তফা একই মামলার অপর একজন আসামীকে বেকসুর খালাস দেন।
মামলার বিবরণে জানা গেছে, জেলার পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বেতকাপা গ্রামের মোফাজ্জল হোসনের মেয়ে স্বপ্না খাতুনের (২০) সাথে ১৫ হাজার টাকা যৌতুকের বিনিময়ে একই এলাকার আকিবুলের বিয়ে হয়।
বিয়ের এক বছর পর যৌতুকের ১৫ হাজার টাকার মধ্যে ৮ হাজার টাকা দিতে দেরি হওয়ায় ২০০২ সালের ২২ ডিসেম্বর অন্য লোকজন সাথে নিয়ে আকিবুল স্ত্রী স্বপ্নাকে ধর্ষণ করে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ পার্শ্ববর্তী বেগুন খেতে ফেলে রাখে। এ ঘটনায় স্বপ্নার পরিবারের সদস্যরা মামলা করে।
