হাজী সেলিমের বাড়িতে গভীর রাতে র্যাবের অভিযান
গত বৃহস্পতিবার গভীর রাতে র্যাব সদস্যরা হাজী সেলিমের পুরনো ঢাকার দেবীদাস ঘাটের বাসায় অভিযান চালায়।
এসময় র্যাব সদস্যরা হাজী সেলিমের আশি বছর বয়সী বৃদ্ধা মাকে হয়রানীমূলক ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং ১৫ আগস্টের কোনো অনুষ্ঠান করতে দেয়া হবে না বলে শাসায়। অভিযানকালে উক্ত বাড়ির ৪৮টি ফ্ল্যাটের ভাড়াটে বাসিন্দাদের বাসায়ও র্যাব সদস্যরা তল্লাশি করে। এ সময় পুরো বাড়িতে এবং আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকা মহানগর আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের ব্যক্তিগত সহকারী এসডি রুবেলের স্বাক্ষরিত ঢাকা সিটি আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।
১৫ আগস্টের কর্মসূচি পালন ও শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত হাজী সেলিম স্থানীয় কামরাঙ্গীরচর থানা ও সুলতানগঞ্জ ইউনিয়ন সেক্রেটারি আফম আফজাল হোসেনসহ কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে সভা শেষ করে সকলকে নিয়ে চলে যাওয়ার পরপরই এ ঘটনা ঘটে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার সকালে ১৫ আগস্টের পোস্টার লাগানোর সময় লালবাগ থানা পুলিশ র্যাবের উপস্থিতিতে সাব্বির, জাকিরসহ ৩/৪জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করে।
হাজী মোহাম্মদ সেলিম র্যাব সদস্যদের এমন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, ১৫ আগস্টের কর্মসূচিতে র্যাব সদস্যদের দ্বারা বাধাদান জোট সরকারের হীন মানসিকতারই বহিঃপ্রকাশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয় যে রাত দেড়টায় দুটি গাড়িতে র্যাব সদস্যরা হাজী সেলিমের বাড়িতে অভিযান চালায়। তারা গেটের দারোয়ানকে গালাগাল করে গেট খুলতে বাধ্য করে। র্যাব সদস্যরা এ সময় হাজী সেলিমসহ নেতৃবৃন্দকে খুজতে থাকে।
এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
