ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্যে বর্জ্য পরিশোধনে সাশ্রয়ী ইটিপি স্থাপনের সিদ্ধান্ত
পরিবেশ দূষণ নিরসনে ছোট ও মাঝারি কারখানায় সাশ্রয়ী ব্যয়ে বর্জ্য পরিশোধণ প্ল্যান্ট (ইটিটি) স্থাপনে সরকার এবং টেক্সটাইল কারখানাগুলি সম্মত হয়েছে।
পরিবেশ মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)’র মধ্যে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বলা হয়, একটি পূর্ণ ক্ষমতাসম্পন্ন ইটিপি নির্মাণ করতে যেখানে প্রায় দুই কোটি টাকা খরচ হয় সেখানে মাঝারি ইটিপি তৈরি করতে ১০ থেকে ১২ লাখ টাকা খরচ হবে। যদিও তা সম্পূর্ণ চাহিদা পূরণ করবে না। কিন্তু এই সাশ্রয়ী ইপিটি’র সহযোগিতায় পানি দূষণের শতকরা ৫০ ভাগ পর্যন্ত হলেও রোধ করা সম্ভব হবে।
সূত্র জানায়, পাঁচসদস্য বিশিষ্ট পরিবেশ অধিদপ্তরের একটি দল ২৮ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত পাঁচ দিন ধরে রাজধানীর ৯০ টি টেক্সটাইল ইউনিট তদন্ত কাজ পরিচালনা করে। এই তদন্তে দেখা গেছে ৬৪ টি কারখানাতে মোটেই পরিবেশ আইন মান্য হচ্ছে না।
তদন্তে দেখা যায়, অধিকাংশ কারখানাই পানি ও বায়ু দূষণ করে যাচ্ছে। কিন্তু দূষণ রেধে তাদের কোন ইটিপি ব্যবস্থা নেই। তদন্ত কর্মকর্তারা কিছু কারখানায় ইটিপি দেখতে পেলেও জানতে পারেন, বিদ্যুত খরচ বাঁচানর জন্য অধিকাংশ সময় তা বন্ধ রাখা হয়।
বন ও পরিবেশ মন্ত্রী তারিকুল ইসলামের সভাপতিত্বে এই সভায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী। অপরদিকে বিটিএমএ চেয়ারম্যান এমএ আওয়াল এর নেতৃত্বে সমিতির একটি প্রতিনিধি দল সভায় যোগ দেন।
বিটিএমএ চেয়ারম্যান এমএ আওয়াল সভায় বলেন, বর্তমানে বড় টেক্সটাইল কারখানাগুলি পরিবেশ আইন মেনেই তৈরি হচ্ছে। ছোট ও মাঝারি কারখানাগুলিতে এর ব্যতিক্রম রয়েছে তবে এগুলোর অধিকাংশই কমপক্ষে ২০ বছর আগে তৈরি।
তিনি আরও বলেন, ছোট ও মাঝারি কারখানাগুলির ইটিপি স্থাপনের আর্থিক ক্ষমতা নেই।
এর প্রেক্ষিতে মন্ত্রী বলেন, ছোট ও মাঝারি কারখানাগুলি সাশ্রয়ী ব্যয়ে বর্জ পরিশোধণ প্যান্ট (ইটিটি) স্থাপন করতে পারে।
চেয়ারম্যান মন্ত্রীর পরামর্শ বিবেচনায় রেখে বলেন, বিদেশে এখাতের ভাবমূর্তি রক্ষার স্বার্থে তদন্ত কার্যের চিত্রসমূহ টেলিভিশনে তুলে ধরা থেকে বিরত থাকা উচিত।
সূত্র জানায়, রাজধানী ও এর আশেপাশে এক হাজারের বেশি ওভেন, ড্রাইং, নিটিং ও ফিনিশিং শিল্প কারখানা রয়েছে।
