পাহাড় ধসে চট্টগ্রামে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
বন্দর নগরী চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার ওআর নিজাম রোড হাউজিং সোসাইটিতে বুধবার বিকেলে পাহাড় ধসে দুজন নির্মাণ শ্রমিক নিহত এবং দুজন আহত হয়েছে।
নিহতরা হচ্ছে ইউনুস হাওলাদার (৩৫) ও সাজু মিয়া (৪৫)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার গোয়ালনগর গ্রামে। আহত দুজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড় থেকে মাটির একটি বড় খণ্ড হঠাৎ একটি নির্মাণাধীন ভবনের পাশে কুড়েঘরের ওপর পড়লে এ ঘটনা ঘটে। এসময় চারজন নির্মাণ শ্রমিক সেখানে অবস্থান করছিল। বুধবার ভারি বৃষ্টিপাতের কারণে তারা তখন সেখানে অবস্থান করছিল।
নিহত ইউনুস হাওলাদারের পুত্র ইমরান তার বাবা বুধবার রাতে বাড়ি না ফেরায় বৃহস্পতিবার সকালে খুঁজতে বের হয়। এসময় নিহত হওয়ার ঘটনাটি জানা যায়।
ইমরান তার বাবার লাশ দেখার পর স্থানীয় লোকজনদের খবর দেয়। স্থানীয়রা এসে নিহত ও আহতদের উদ্ধার করে। আহত শ্রমিকদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এবং অন্যজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
