ঢাবি সূর্যসেন হলে ২ অন্ধ ছাত্রের মোবাইল ফোন নিয়ে নিয়েছে প্রশাসন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের প্রভোস্ট এবং আবাসিক শিক্ষকরা বুধবার রাতে দুই অন্ধ ছাত্রের মোবাইল ফোন নিয়ে নিয়েছেন।
হল সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে ১২টায় হল প্রভোস্ট এবং আবাসিক শিক্ষকরা দুই অন্ধ ছাত্র শাহনূর ও শামীমের দুটি মোবাইল ফোন সেট জোর করে নিয়ে যান।
হল প্রভোস্ট বিডিনিউজকে বলেন, এ দুই ছাত্র হলের প্রবেশপথে মোবাইল ফোনের ব্যবসা করে আসছিল। ফলে আশপাশের কক্ষে শিক্ষার্থীদের সমস্যা হয়। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতেই তিনি এ কাজ করেছেন বলে জানান। তিনি আরো বলেন, হলে অন্ধ ছাত্রদের জন্যে আরো অনেক সুবিধা আছে। এ জন্যে তাদের অন্যের সমস্যা তৈরি করে ব্যবসা করার কোনো প্রয়োজন নেই।
তিনি বলেন, তাদের কোনো শাস্তি দেওয়া হবে কিনা, তা হলের প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মোবাইলগুলো আপাতত হলের অফিসে জমা আছে। তিনি জানান, অন্য কোনো ছাত্রও এ কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শাহনূর এবং শামীম হলের ১৬২ নম্বর কক্ষের ছাত্র। তারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তারা জানান, অন্ধ বলে অন্য কাজ করতে না পারায় তারা মোবাইল ফোনের ব্যবসা করে পড়াশোনা ও খাবার ব্যয় বহন করেন।
তারা আরো জানান, মোবাইল নেওয়ার সময় প্রভোস্টসহ অন্য শিক্ষকরা তাদের ধাক্কা দিয়ে ফেলে দেন। তাদের দুজনকে প্রভোস্ট হল থেকে বের করে দেওয়ারও হুমকি দেন।
কান্নাজড়িত কন্ঠে তারা বলেন, আমরা প্রাইভেট পড়াতে পারিনা, মোবাইল ফোনও চালাতে পারবো না। তাহলে খাব কী ?
এদিকে, হলের কয়েকজন ছাত্র জানান, অন্ধ দুই ছাত্রের মোবাইল কেড়ে নেওয়া হলেও অন্যরা দিব্যি হলে মোবাইল ব্যবসা করছে। কিন্তু প্রভোস্ট তাদের কিছু বলেননি।
অপরদিকে, হল প্রভোস্ট অন্য ছাত্রদের মোবাইল ব্যবসা করার কথা অস্বীকার করেন।
