নারী ও শিশুদের ভিটামিন এ এবং আয়রনের ঘাটতি কমাতে কর্মসূচি গ্রহণ
নারী ও শিশুদের ভিটামিন এ এবং আয়রনের ঘাটতি কমাতে ইউএসএইডসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় সরকার জাতীয় খাদ্য মান উন্নয়ন কর্মসূচি শুরু করেছে।
ওই কর্মসূচির আওতায় জাতীয় শিল্পনীতি, পিআরএসপি ও পুষ্টি কার্যক্রম বিষয়ক জাতীয় পরিকল্পনাও (এনপিএএন) অন্তর্ভুক্ত করা হয়েছে।
শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে খাদ্য মান উন্নয়ন কর্মসূচির সহযোগীরা বুধবার এ সংক্রান্ত একটি কর্ম পরিকল্পনা অনুমোদন করে। আটা, ময়দা ও ভোজ্য তেলে ভিটামিন এ এবং আয়রন মেশানোর ব্যাপারে কর্ম পরিকল্পনা অনুমোদিত হয়।
১৯৯৭-৯৮ সালে ভিটামিন এ বিষয়ক এক জাতীয় জরিপে দেখা যায়, ভিটামিন এ এর মারাত্মক ঘাটতি রয়েছে ২২ শতাংশ। ৭৪ শতাংশ ঘাটতি দেখা যায় স্কুলগামী (৬-১৬ বছর বয়সী) শিশুদের ক্ষেত্রে এবং ৪৯ শতাংশ ঘাটতি দেখা যায় স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে। অন্যান্য বয়সের বালিকাদের ক্ষেত্রেও এ ঘাটতি পরিলক্ষিত হয়।
শিশুরা ও মাতৃত্বকালীন নারীরা এবং দরিদ্র জনগোষ্ঠী সাধারণত আয়রণের ঘাটতিতে ভোগে এবং তাদের শরীরে রক্তশূন্যতা দেখা দেয়। এ ব্যাপারে কোনও জরিপ পরিচালিত হয়েছে বলে জানা যায়নি।
মাইক্রোনিউট্রিয়েন্ট কর্মসূচির অধীনে ইউএসএইড এবং ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট ২০০০ সালে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে ময়দার খাদ্য মান উন্নয়নের এক পাইলট কর্মসূচি হাতে নেয়। ১০ হাজার ভোক্তার মধ্যে এ কার্যক্রম চালিয়ে আশানুরূপ ফল পাওয়া যায়। দুই লাখ নারী-প্রধান পরিবারের মধ্যে এ কার্যক্রম চালানো হবে।
