২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযুক্ত ছয় ছাত্রীর অব্যাহতি, গভীর রাতে ফজিলাতুন্নেসা হলে আনন্দ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের অভিযুক্ত ছয়জন শিক্ষার্থীর বিরুদ্ধে ঢাবি কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় মঙ্গলবার রাতে ছাত্রীরা হলে আনন্দ মিছিল করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের ঘটনায় ছয়জন শিক্ষার্থীকে মঙ্গলবার সিন্ডিকেট সতর্ক করে দেয়। গত সোমবার সাত সদস্যের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে মঙ্গলবার রাতে সিন্ডিকেট ওই সিদ্ধান্ত নেয়। সিন্ডিকেটের সভায় সভাপতিত্ব করেন উপাচার্য এসএমএ ফায়েজ।

সিন্ডিকেটের সিদ্ধান্তের খবরে মঙ্গলবার রাতেই ছাত্রীরা হলে আনন্দ উল্লাসে ফেটে পড়ে। হলের ভেতরে তারা রাত দেড়টা পর্যন্ত বিজয় মিছিল করে।

হলের আবাসিক ছাত্রী ঝুলন কর্মকার মঙ্গলবার গভীর রাতে বিডিনিউজকে জানান, এ বিজয় মিছিল তাদের সংগঠিত আন্দোলনেরই বহি:প্রকাশ।

উচ্ছসিত কন্ঠে তিনি বলেন, খবর পাওয়ার  সঙ্গে সঙ্গে সবাই রুম থেকে বেরিয়ে লনে চলে আসি। বন্ধুরা একে অপরকে জড়িয়ে ধরে বিজয় আনন্দ  ভাগাভাগি করে নেই।

সিন্ডিকেটের সিদ্ধান্তের কথা জানতে পেরে রাবেয়া জাহান বৃষ্টি বলেই ফেলেন, প্লীজ অভিনন্দন জানান। আমাদের এ বিজয় প্রমান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও একত্রিত, সংগঠিত।

তিনি আরো বলেন, ফজিলাতুন্নেছা হলের ছাত্রীদের ঐক্যবদ্ধ আন্দোলন প্রমান করেছে এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়।

নন্দিতা দাস বলেন, হলে ওঠার পর থেকেই নানা অনিয়ম সহ্য করতে হচ্ছিল। আবাসিক শিক্ষকদের কাছে গেলেও এর কোনো প্রতিকার হচ্ছিল না। ফলে সবাই নিজেদের অধিকার আদায়ের জন্য এমন একটা আন্দোলনের অপেক্ষায় ছিলাম।

গত ১৭ জুলাই ফজিলাতুন্নেছা হলের ছাত্রীরা ১৩ দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করে। এরই এক পর্যায়ে হলের প্রভোস্ট অধ্যাপক নাসরিন আহমাদসহ আবাসিক শিক্ষিকারা পদত্যাগ করেন।