২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজেন্দ্র কলেজের অধ্যক্ষকে অস্ত্রের মুখে তিন লাখ টাকার চেক লিখিয়ে নিয়েছে ছাত্রদল নেতা

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষকে ঘরে আটকে অস্ত্রের মুখে তিন লাখ টাকার চেক লিখিয়ে নিয়েছে কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এবং ছাত্রদল জেলা কমিটির সাধারণ সম্পাদক বেনজীর আহমদ তাবরীজ। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ কামাল আতাউর রহমান বুধবার ফরিদপুর কতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

অধ্যক্ষ সাংবাদিকদের জানান, সম্প্রতি তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। ৩০ জুলাই বিকেলে শহরের ঝিলটুলীতে তার সরকারি বাসভবনে ছাত্রদল নেতা তাবরীজ ১০/১২ জন সঙ্গীসহ জোর করে ঢুকে পড়ে। তাবরীজ ও তার সঙ্গীরা এরপর অধ্যক্ষ ও তার নবপরিণীতা স্ত্রীকে একটি কক্ষে আটকে রেখে অভিযোগ করে, তাদের বিয়ের বৈধ কাগজপত্র নেই। তারা অধ্যক্ষ এবং তার স্ত্রীর যুগল ছবি তোলে। ছাত্রছাত্রীদের মধ্যে এ ছবি বিতরণ করা হবে বলে ভয় দেখায় এবং প্রাণনাশের হুমকি দেয়। এক পর্যায়ে অধ্যক্ষের কাছ থেকে দুটি চেকে তিন লাখ টাকার অংক বসিয়ে স্বাক্ষর করিয়ে নেয়। এ ঘটনা প্রকাশ করা হলে দুজনকেই হত্যা করা হবে বলে তারা হুমকি দিয়ে যায়।

কলেজের অধ্যক্ষ হত্যার হুমকিতে ভীত হয়ে ঘটনা গোপন রাখেন। কিন্তু ঘটনা প্রকাশ হয়ে গেলে অধ্যক্ষ বুধবার বিষয়টি পুলিশ সুপারকে জানিয়ে কতোয়ালী থানায় লিখিত অভিযোগ দেন। অধ্যক্ষ অভিযোগ করেছেন, টেলিফোনে তাকে অব্যাহতভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি নিরাপত্তার জন্যে পুলিশ চেয়েছেন।

কতোয়ালী থানার ডিউটি অফিসার তাজুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। মামলা এখনও রেকর্ড হয়নি।

ছাত্রদল নেতা বেনজীর আহমদ তাবরীজের মোবাইলে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। ছাত্রদলের সভাপতি সেলিম মিয়া জানান, ঘটনা সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। এটি সত্য হলে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হবে।