২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বিভাগীয় বিশেষ জজের অব্যাহতি দাবিতে এসসিবিএ

বিএনপির রাজনৈতিক কর্মকান্ডে অংশ নেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) বুধবার প্রধান বিচারপতি এবং আইন মন্ত্রণালয়ের কাছে ঢাকার বিশেষ বিভাগীয় জজ মো. রেজাউল করিম চুন্নুকে তার পদ থেকে অব্যাহতিদানের দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. ইনায়েতুর রহিম এক বিবৃতিতে প্রধান বিচারপতি ও আইন মন্ত্রালয়কে অতি দ্রুত চুন্নুর বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা দায়েরেরও দাবি জানান।

এসসিবিএ সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন, সরকারি কর্মকর্তা এবং বিসিএস বিচার বিভাগীয় সার্ভিসের সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও গত তিন মাস ধরে রেজাউল করিম চুন্নু তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

তারা বলেন, বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি সরকারের প্রশংসা করছেন এবং বিএনপির পক্ষ থেকে আগামী সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার আকাঙ্খা ব্যক্ত করছেন। তার এ কর্মকান্ডে বিচার বিভাগের ভাবমূর্তি ও নিরপেক্ষতা বিনষ্ট হচ্ছে বলে তারা উল্লেখ করেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বলেন, জজের দায়িত্ব পালনরত অবস্থায় চুন্নু রাজনৈতিক কর্মকান্ডে অংশ নিয়ে বিচার বিভাগকে আরও বিতর্কিত করে তুলেছেন এবং এর ফলে আইনজীবী ও জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।

চাকরির নীতিমালা ভঙ্গ করে জজ রেজাউল করিম রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে গেলেও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেয়াকে তারা দুঃখজনক  বলে উল্লেখ করেন। তবে পত্র-প্রত্রিকায় এ সম্পর্কিত সংবাদ প্রকাশের পর প্রধান বিচারপতি ও আইন মন্ত্রণালয় চুন্নুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন বলে তারা আশা করছেন।