২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে খাদ্য ব্যবসায়ীদের ধর্মঘট, সাধারণ মানুষের দুর্ভোগ চরমে

বাংলাদেশ খাদ্য ব্যবসায়ী পরিষদের ডাকে সারাদেশে খাবারের দোকানে ৪৮ ঘন্টা ধর্মধটের প্রথম দিন বুধবার অতিবাহিত হয়েছে। ‘ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযানের নামে খাদ্য ব্যবসায়ীদের ঢালাওভাবে হয়রানির প্রতিবাদে’ পাঁচটি সংগঠন পরিষদের ব্যানারে ধর্মঘট ডাকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 06:52 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

ধর্মঘটে সারাদেশে হোটেল রেস্তোরাঁসহ খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ থাকায় ভোক্তা সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

ঢাকায় বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, বেকারীসহ খাদ্য উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ছোট ছোট খাবারের দোকান ও পাঁচতারা হোটেল খোলা ছিলো।

ধর্মঘটের কারণে নগরীতে পাউরুটি, কেক, বিস্কুটসহ বিভিন্ন খাদ্য দ্রব্যের দাম রাতারাতি বেড়ে যায়।

তোপখানা রোড, মতিঝিল, সিদ্দিক বাজার, নাজিমউদ্দিন রোড, পলাশী, নিউমার্কেট ও শাহবাগ এলাকায় হোটেল রেস্টুরেন্ট ছিলো বন্ধ। তবে সচিবালয়ের ভেতরের ক্যান্টিন খোলা ছিলো।

খাদ্য ধর্মঘটের কারণে ভুক্তভোগি কর্মজীবীদের একজন সানি। বিডিনিউজকে তিনি জানান, খাদ্য ব্যবসায়ীরা খাদ্যে ভেজালও দিচ্ছে, আবার ধর্মঘটও করছে। আর এরফলে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের।

মিরপুরের টোলারবাগের ছোট্ট রেস্টুরেন্ট স্বরূপকাঠি হোটেল অবশ্য ধর্মঘট উপেক্ষা করেই খোলা ছিলো। দোকান মালিক আব্দুর রহিম বলেন, প্যাট চালাইতে হইবে। ধর্মঘট করলে তো আর প্যাট ভরবে না।

ধর্মঘটের স্বপক্ষে খাদ্য ব্যবসায়ী  পরিষদের আহবায়ক খন্দকার রুহুল আমিন বিডিনিউজকে বলেন, শুধু মাত্র ম্যাজিষ্ট্রেট  দিয়ে অভিযান করলে হবে না। তারা খাদ্যের মান নির্ণয় করতে পারেন না। তিনি চলমান অভিযানে খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞকে অন্তর্ভূক্ত রাখার আহ্বান জানান।

রেস্তোরাঁ মালিক সমিতি, ব্রেড বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতি, মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি, ফাষ্টফুড ইন্টারপ্রিনিউরস অ্যাসোসিয়েশন এবং চাইনিজ রেস্তোরাঁ মালিক সমিতির সমন্বয়ে গঠিত বাংলাদেশ খাদ্য ব্যবসায়ী পরিষদের ডাকে ৪৮ ঘণ্টা খাদ্য ধর্মঘট বৃহস্পতিবারও দিনমান অব্যাহত থাকছে।

এদিকে রমনা থানা পুলিশ জানায়, ধর্মঘট চলাকালে সমিতির ৩০/৪০ জন লোক সিদ্বেশ্বরীর নিউ আহাদ বেকারী খোলা রাখার কারণে বেকারীর ম্যানেজার ও কর্মচারীদের মারপিট করে দোকান বন্ধ করতে বাধ্য করে। সমিতির অন্য একটি গ্র“প আশেপাশের দুটি দোকানে হামলা চালালে পুলিশ ও স্থানীয় জনতা নয় জনকে গ্রেফতার করে।