রাজশাহীতে হত্যা মামলায় দ্রুত বিচার ট্রাইবুনালে ৭ জনের ফাঁসি
কুষ্টিয়ার বাচ্ছু হত্যা মামলায় সাতজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রাজশাহীর বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক এএফএম আমিনুল ইসলাম বুধবার এ রায় দেন। মামলার অপর নয়জন আসামী বেকসুর খালাস পেয়েছে।
ফাঁিসর দন্ডপ্রাপ্তরা হচ্ছে শাহজাহান, কাবিল, শফিকুল, হুর বাবু, পানু, শহীদুল ইসলাম পিকচার ও রবিউল। আসামীরা কুষ্টিয়া সদর থানার পেয়ারাতলা গ্রামের বাসিন্দা। দন্ডপ্রাপ্তদের মধ্যে শাহজাহান বর্তমানে পলাতক আছে।
গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে ২০০১ সালের ২ সেপ্টেম্বর নুরুল ইসলাম বাচ্ছু নিহত হয়। মামলার বিবরণ থেকে জানা যায়, পেয়ারাতলা গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র বাচ্চুকে সন্ত্রাসীরা পা, ঘাড় ও মাথায় গুলি করে হত্যা করেছিল। হত্যাকান্ডের পর বাচ্চুর বড়ভাই হারুন অর রশিদ ১৭ জনকে আসামী করে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশী তদন্ত শেষে ২০০১ সালের ৩০ ডিসেম্বর মামলার চার্জশীট দাখিল করা হয়। এ বছরের ৩ জুলাই কুষ্টিয়া জজ কোর্ট থেকে মামলাটি রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর করা হয়। মামলা চলাকালে ১৮ জন সাক্ষ্য প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কেতাবউদ্দিন এবং আসামীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মমতাজ খানম, অ্যাডভোকেট আবুল হাশেম ও অ্যাডভোকেট মুন্না সাহা।
