বিল বকেয়া, চুরি: আদালতের নিষেধাজ্ঞায় সংযোগ বিচ্ছিন্ন করা যাচ্ছে না
তিতাসের ভাষায় একেতো বিল খেলাপি, তার উপর চুরি। কিন্তু গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা যাচ্ছে না আদালতের নিষেধাজ্ঞার কারণে।
বুধবার পেট্রোবাংলা ও তিতাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান সাংবাদিকদের জানান, ঢাকার অদূরে সিদ্ধিরগঞ্জের আশরাফ আলী লাইম ফ্যাক্টরির কাছে তিতাসের পাওনা ১ কোটি ৭০ লাখ টাকা। এই প্রতিষ্ঠানটি কেবল বিল খেলাপি নয়, গ্যাসের অবৈধ ব্যবহারকারীও। শিল্প প্রতিষ্ঠানটির গ্যাস মিটার ৪০ শতাংশ ধীরে চলে। অর্থাৎ ১০০ টাকার গ্যাস ব্যবহার করলে বিল আসে ৬০ টাকা।
কিন্তু এর সংযোগ বিচ্ছিন্ন করা যাচ্ছিলো না নিম্ন আদালতের নিষেধাজ্ঞার কারণে। সম্প্রতি তিতাস আদেশটি প্রত্যাহার করে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিপাকে পড়ে। শিল্প মালিক উচ্চ আদালত থেকে এনেছেন নতুন নিষেধাজ্ঞা। ফলে সংযোগ বিচ্ছিন্ন না করেই তিতাস কর্মীদের ফেরত আসতে হয় বলে মাহমুদুর রহমান জানান।
তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকার কারণে তিতাসসহ পেট্রোবাংলার বিতরণ কোম্পানিগুলো বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে পারছে না।
বর্তমানে তিতাসের বকেয়া পাওনার পরিমাণ ১,১৬৭ কোটি টাকা। বকেয়া আদায় কার্যক্রম জোরদার হওয়ার কারণে জানুয়ারি মাসের মধ্যে তিতাসের বকেয়ার পরিমাণ ৭৫০ কোটি টাকায় নামিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। গত মে মাসে তিতাসের বকেয়া বিলের পরিমাণ ছিল ১,২৩৪ কোটি টাকা।
মাহমুদুর রহমান দাবি করেন, গত এক মাসে তিতাসের আদায়ের পরিমাণ ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নারায়গঞ্জ এলাকায় অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে যে উদ্যোগ নেয়া হয়েছিল তার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ইতোমধ্যে ২৩টি শিল্পে অনিয়ম পাওয়ায় তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাদের মধ্যে ৭ জন বকেয়া ৯৯ লাখ টাকা প্রদান করে আবার সংযোগ গ্রহন করেছে। অন্যদিকে যে ১৬ জন গ্রাহক এখনো সংযোগ গ্রহন করেনি তাদের বকেয়ার পরিমাণ ১২ কোটি ২৬ লাখ টাকা।
একই এলাকায় ২ কোটি ৬৩ লাখ টাকা বকেয়া থাকা মনোয়ারা ডাইং এবং ২ কোটি ৫৪ লাখ টাকা বকেয়া থাকা নুর ডাইংসহ ৪০টি শিল্পের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত জানুয়ারি মাসে তিতাসের নন বাল্ক সিস্টেম লস ছিল ১৮ দশমিক ৬০ শতাংশ। আর জুন মাসে এটা কমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫০ শতাংশ।
