শাবিতে লিটন হত্যাকাণ্ডে জড়িত থাকায় ১৩ ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা লিটন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কর্তৃপক্ষ তিনজনকে স্থায়ীভাবে বহিষ্কার, তিনজনকে দু বছরের জন্যে বহিষ্কার এবং সাতজনকে এক বছরের জন্যে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আগামী ছয়মাস ক্যাম্পাসে মিছিল, সমাবেশ, র্যালি, মানববন্ধন ইত্যাদি কর্মকাণ্ড বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও সিদ্ধান্ত হয়, বহিষ্কারের মেয়াদকালে হল ও ক্যাম্পাসে বহিষ্কৃতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
স্থায়ীভাবে বহিষ্কৃতরা হলো মুইন আল দীন নাসির, মো. জসিমউদ্দিন ও বিধান দাস। দু বছরের জন্যে বহিষ্কৃতরা হচ্ছে মো. শাখাওয়াত হোসেন, মোহাম্মদ মোর্শেদুল আলম এবং মো. নাসিরউদ্দিন।
এক বছরের জন্যে বহিষ্কৃতরা হলো কাজী নাইমুল হুদা তানভীর, মোহাম্মদ এমরান হোসেন ভূইয়া, মো. আমিরুল ইসলাম বিপুল, মো. এরশাদ, কাওসার আহমদ, মো. আবুল কালাম আজাদ এবং শাহ মো. মুহিবুল্লাহ।
ছাত্রদল নেতা রফিকুল ইসলাম পাটোয়ারী লিটন ১৩ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিপক্ষের হাতে নিহত হওয়ার পর সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
