২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর কাপাসিয়া সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে কোন্দল

শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত ‘ফকির মজনু শাহ’ ব্রিজ উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার কাপাসিয়ায় আসছেন। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ার পারসনের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে কোন্দল দেখা দিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 12:29 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

প্রধানমন্ত্রীর কাপাসিয়া আগমন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের পোস্টার ও দাওয়াতপত্র নিয়ে জেলা এবং স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

এছাড়া বিএনপি‘র উপদেষ্টা কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অবঃ) আ.স.ম হান্নান শাহ’র বিরুদ্ধে নেতৃবৃন্দ অনুষ্ঠানকে কুক্ষিগত করার অভিযোগ এনেছেন।

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে যে পোস্টার ও কার্ড ছাপানো হয়েছে, তাতে জেলা ও থানা বিএনপি‘র সভাপতি সাধারণ সম্পাদকের নাম নেই।

দলের গঠনতন্ত্র অনুযায়ী স্থানীয় (কাপাসিয়া) বিএনপি‘র সভাপতি বা জেলার সভাপতির জনসভায় সভাপতিত্ব করার কথা। কিন্তু ব্রিগেডিয়ার আ.স.ম হান্নান শাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

পোস্টারে জনসভার আয়োজক নিয়ে বিভ্রান্তি রয়েছে বলে একাধিক নেতা অভিযোগ করেছেন। পোস্টারের নিচে ধন্যবাদান্তে ‘৪ দলীয় ঐক্য জোট‘ প্রচারে ‘কাপাসিয়া বিএনপি ও অঙ্গ সংগঠন’ উল্লেখ করা হয়েছে।

দাওয়াত পত্রে সৌজন্যে ‘৪ দলীয় ঐক্যজোট’ লেখা হলেও জোটের প্রধান সমন্বয়ক বিএনপি নেতা বজলুল হকের নাম কোথাও নেই।

কাপাসিয়া বিএনপি‘র একাধিক নেতা অভিযোগে জানান, প্রধানমন্ত্রীর পুরো অনুষ্ঠানই ব্রিগেডিয়ার হান্নান নিজের ইচ্ছামত আয়োজন করছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে কাপাসিয়ায় হান্নান এবং জামালউদ্দিনের পুরনো বিরোধ আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে।

কিন্তু প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বলে প্রকাশ্যে কেউ মুখ খুলছে না।