সংরক্ষিত মহিলা আসনে ৬ সেপ্টেম্বর নির্বাচন
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৭ আগস্ট। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২৮ আগস্ট। প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ১সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ করা হবে ৬ সেপ্টেম্বর।
এ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নিবার্চন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে।
সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন পরিচালনার জন্যে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম--সচিব (নির্বাচন ও পরিকল্পনা) মোহাম্মদ জাকারিয়াকে রিটার্নিং অফিসার ও উপ--সচিব মিহির সরোয়ার মোর্শেদকে উপ সহকারি রিটানিং অফিসার নিয়োগ করা হয়েছে।
পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারি সচিব (আইন) জোয়ার্দ্দার মো. আমিরুল ইসলাম, সিনিয়র সহকারি সচিব মোস্তফা ফারুক, সিনিয়র সহকারি সচিব (নির্বাচন--১) ফরহাদ আহম্মদ খান এবং সিনিয়র সহকারি সচিব আব্দুল বাতেনকে।
বর্তমান জাতীয় সংসদের আসন অনুপাতে এ নির্বাচনে ৪৫টি আসনের মধ্যে বিএনপি ৩০টি, আওয়ামী লীগ নয়টি, জামায়াতে ইসলামী তিনটি, জাতীয় পার্টি (এরশাদ) দুটি এবং জাতীয় পার্টি (মঞ্জু) ও বিজেপি (নাজিউর)সহ অন্যান্য দল পাবে একটি আসন।
