২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে এক কোটি ইউরো দেবে ইউরোপীয় কমিশন

বিশ্ব বাণিজ্য প্রক্রিয়ার সাথে সমন্বয় সাধনের লক্ষ্যে বাংলাদেশ কোয়ালিটি সাপোর্ট প্রোগ্রামে (এমএফএ পরবর্তী) ইউরোপীয় কমিশন এক কোটি ইউরো প্রদান করবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 07:09 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

মঙ্গলবারে ঢাকায় এ ব্যাপারে একটি চুক্তি সাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইসমাইল জাবিউল্লাহ এবং ইউরোপীয় কমিশনের প্রতিনিধি এস্কো কেনশিয়ানস্কি স্ব স্ব পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশের মান ব্যবস্থাপনা পদ্ধতিতে সহযোগিতা প্রদানের জন্য এক কোটি ইউরোর এ প্যাকেজ দেয়া হবে। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট অরগানাইজেশন (ইউএনআইডিও) এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি) সমন্বিত কর্মসূচির আওতায় বাংলাদেশকে এ সহযোগিতা দেবে।

বাংলাদেশের দারিদ্র্য বিমোচন, উন্নয়ন এবং উৎপাদন ও রফতানি খাত শক্তিশালী ও বহুমুখীকরণের জন্য এ বরাদ্দ ব্যয় করা হবে।

এ কর্মসূচি ডব্লিউটিও ও সার্কের নির্ধারিত মান ও রীতি অনুযায়ী বাংলাদেশের মান ব্যবস্থাপনার উন্নয়নে সহায়তা দেবে। এছাড়া বস্ত্র ও পোশাক শিল্পের সমন্বয়, হিমায়িত খাদ্য বিশেষ করে চিংড়ি রফতানির ক্ষেত্রে মান যাচাই ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে যথার্থ পরিদর্শন ক্ষমতা তৈরি, টিবিটি ও এসপিসি এবং আন্তর্জাতিক মান প্রক্রিয়ার সাথে সমন্বয় সাধনের জন্য সচেতনতা ও সক্ষমতা বাড়ানোর ব্যাপারেও এ কর্মসূচি সহায়ক হবে।

বাংলাদেশের পক্ষে শিল্প, বস্ত্র ও পোশাক, মৎস্য ও পশুসম্পদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের এ কর্মসূচির সাথে অন্তর্ভুক্তি রয়েছে।

বেসরকারি সংগঠন এবং কনজিউমার এসোসিয়েশন এ কর্মসূচির মাধ্যমে বিশেষভাবে লাভবান হবে বলে আশা করা হচ্ছে।

কোটা পরবর্তী সময়ে বাংলাদেমের পোশাকশিল্প যে হুমকির মধ্যে পড়েছে তাতে সহযোগিতা করতে এ কর্মসূচি বিশেষ সহায়ক হবে।

বাংলাদেশের বাণিজ্যে কারিগরি সহযোগিতার ক্ষেত্রে ইউরোপীয় কমিশন বৃহত্তর দাতাগোষ্ঠী। এশিয়ার মধ্যে বাংলাদেশ ইউরোপীয় কমিশনের কাছ থেকে ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছয়শ’ ৩০ কোটি ইউরোর প্রাথমিক সাহায্য পেয়েছে।