পরিবেশ দূষণ রোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে : পরিবেশ ও বনমন্ত্রী
পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম বলেছেন, পরিবেশ দূষণরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ঢাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং নগরবাসীর জন্য নির্মল বায়ু নিশ্চিত করতে চলতি মৌসুমে রাজধানীতে ২৬ লাখ গাছ রোপণ করা হবে।
মন্ত্রী মঙ্গলবার ঢাকায় বেসরকারি সংগঠন কৃষ্ণচূড়া গ্রীন বেল্ট ও গুলশান লেক বাঁচাও আন্দোলন আয়োজিত ঢাকা সবুজায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। খবর প্রেসবিজ্ঞপ্তির।
বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী মেজর (অবঃ) কামরুল ইসলাম, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত, মার্কিন দূতাবাসের ডেপুটি হাইকমিশনার, মার্কিন দূতাবাসের পরিবেশ বিশেষজ্ঞ, প্রধান বন সংরক্ষক এম আনোয়ারুল ইসলাম গুলশান লেকের তীরে একটি করে গাছ রোপণ করেন। এসময় গুলশান লেক বাঁচাও আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে পরিবেশ ও বনমন্ত্রীর নেতৃত্বে বনানী ব্রিজ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বারিধারা ব্রিজে এসে শেষ হয়।
