২শ’ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্মাণ কাজ শুরু হচ্ছে
প্রায় দুইশ‘ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্মাণ কাজ আগামী নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই) ২৩ তলা বিশিষ্ট সর্বাধুনিক এই ট্রেড সেন্টার নির্মানের উদ্যোগ নিয়েছে।
সিসিসিআই- এর ভারপ্রাপ্ত সভাপতি এমএ লতিফ বিডিনিউজকে জানান, ট্রেড সেন্টারের জন্য ঠিকাদার নিয়োগের দরপত্র আহ্বান করা হয়েছে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে নির্মাণ কাজ শুরু হবে।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সিসিসিআই সূত্র জানায়, আগামি ২৩ সেপ্টেম্বর ঠিকাদার নিয়োগের দরপত্রে অংশগ্রহণের শেষ দিন। অক্টোবরের প্রথম সপ্তাহে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জন্য আগ্রাবাদে সরকারি ও বিভিন্ন সংস্থার মালিকানাধীন ৭৪ কাঠা জমি চেম্বারকে দেওয়া হয়েছে।
সিসিসিআই ৯৪ সালে চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণের উদ্যোগ নেয়। কিন্তু ভূমি সংক্রান্ত জটিলতার কারণে এতদিন ট্রেড সেন্টার নির্মাণ কাজ শুরু করা যায়নি।
সর্বশেষ ২০০৪ সালে সরকার, পিডব্লিউডি ও রেলওয়ে প্রস্তাবিত জায়গা সিসিসিআই- এর কাছে হস্তান্তর করে।
প্রস্তাবিত নকশা অনুযায়ী ২৩ তলা বিশিষ্ট ট্রেড সেন্টার ভবনে সর্বাধুনিক প্রদর্শনী হল, ডব্লিউটিসি ক্লাব, শপিং মল ও চার তারা হোটেল থাকবে।
সিসিসিআই সূত্র জানায়, মোট দুই পর্বে দেশের প্রথম ট্রেড সেন্টার নির্মাণ করা হবে। প্রথম পর্বে নির্মিত হবে ট্রেড ফ্যাসেলিটিজসহ ১১ তলা। দ্বিতীয় পর্বে নির্মিত হবে শপিংমল ও হোটেল।
১৯৯৪ সালে দক্ষিণ কোরিয়ার একটি স্থাপত্য প্রতিষ্ঠান ট্রেড সেন্টারের মডেল তৈরি করে। তখন এর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ২৫০ কোটি টাকা। পরবর্তীতে এই মডেলের পরিবর্তন করা হয়। পরিবর্তনের কারণে নির্মাণ ব্যয় ৫০ কোটি টাকা কমে যাবে বলে সিসিসিআই সূত্র জানিয়েছে।
