নোয়াখালী উপকূলে ২ লাখ ৮৮ হাজার একর খাসজমি বন্দোবস্তে দীর্ঘসূত্রিতা
নোয়াখালীর বিস্তীর্ণ চরাঞ্চলের ভূমি বন্টনে দীর্ঘসূত্রিতা ও ভূমিহীন পুনর্বাসনে মন্থরগতির কারণে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে চরে অবস্থানরত প্রায় ৪০ হাজার নদীভাঙ্গা--ভূমিহীন পরিবার।
অন্যদিকে চরের জমির উপর লোলুপ দৃষ্টি পড়েছে শহরের বিত্তশালীদের। এদের মধ্যে কেউ কেউ চিংড়ি ঘের ও মাছ চাষের নামে দখল করে রেখেছে শত শত একর জমি। কোন নিয়ম--কানুন না থাকায় মূল ভূখন্ডে জমি থাকা সত্ত্বেও চরে ভূমিহীন সেজেও জমি দখল করছে কেউ কেউ।
সরকারি হিসাবে নোয়াখালী উপকূলে খাস জমির পরিমাণ দুই লাখ ৮৮ হাজার ২০০ একর। এরমধ্যে এ পর্যন্ত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেওয়া হয়েছে ৬৩ হাজার একর। বন বিভাগের কাছে হস্তান্তরিত জমির পরিমাণ দুই লাখ ১১ হাজার একর। চিংড়ি মহাল হিসাবে অনুমোদিত ছয় হাজার ৬০০ একর। জরিপবিহীন চিংড়ি মহাল ঘোষণার প্রক্রিয়াধীন ১১ হাজার ৪০০ একর। এরমধ্যে সাত হাজার ৬০০ একর ভূমি চিংড়ি মহাল ঘোষণার প্রক্রিয়াধীন। বন বিভাগের নিকট হস্তান্তরিত ভূমির মধ্যে বন সৃজিত হয়েছিলো এক লাখ ১৪ হাজার একর ভূমিতে। ডুবো চর বা নদীতে ভেঙ্গে যাওয়ায় ৯৭ হাজার একর জমিতে বন সৃজন সম্ভব হয়নি। বনায়নকৃত ভূমির মধ্যে বর্তমানে নিঝুমদ্বীপসহ বনভূমি রয়েছে ৬৭ হাজার একর। এরমধ্যে হাতিয়া উপজেলার জাহাজমারা রেঞ্জের আওতায় নিঝুম দ্বীপেই বন বিভাগের আওতায় ওয়েছে ১২ হাজার ৫৫০ একর ভূমি।
২০০৩ সালে বনদস্যুদের কবল থেকে উদ্ধার করা ৪৭ হাজার একর জমি সরকার ভূমিহীনদের মাঝে বন্টন করার পরিকল্পনা করছে। এছাড়া চিংড়ী মহাল করার করার ব্যাপারে জমির বন্দোবস্ত করার পরিকল্পনাও সরকারের রয়েছে।
তবে পরিকল্পনায় ভূমিহীনদের পুনর্বাসনকে গৌন করে চিংড়ি মহালকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী চরের খাস জমিতে নদীভাঙ্গা ও ভূমিহীনদের অগ্রাধিকার থাকার কথা। কিন্তু নোয়াখালীর চরের খাস জমি নিয়ে বরাবরই জোতদার ও প্রভাবশালীদের মধ্যে প্রতিযোগিতা লেগে আছে।
সরকারি ভূমি বন্দোবস্ত প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা ও নীতিমালায় জটিলতার কারণে একদিকে যেমন ভূমিহীনরা বন্দোবস্ত পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয় অপরদিকে তাদেওকে পোহাতে হয় নানান ঝামেলা। এ সুযোগে দালাল চক্র ও জোতদাররা ভূমিহীনদের ব্যবহার করে খাস জমি দখল করে।
