স্বাস্থ্য মন্ত্রণালয়ের এডিপির ১,৭৯৫ কোটি টাকা স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতে বরাদ্দ
চলতি ২০০৫-০৬ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) দুই হাজার ১৭৬ কোটি ৮৮ লাখ টাকার মধ্যে এক হাজার ৭৯৫ কোটি ৬২ লাখ টাকা ব্যয় করা হবে স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের বিভিন্ন কর্মসূচিতে।
বাকি ৩৮১ কোটি ২৬ লাখ টাকা ব্যয় করা হবে নয়টি বিনিয়োগ প্রকল্প, আটটি কারিগরি সহায়তা প্রকল্প ও চারটি বরাদ্দ বিহীন নতুন প্রকল্পের জন্য।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বরাদ্দ সংক্রান্ত এক বৈঠকে এ বরাদ্দ দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব আফম সরওয়ার কামাল, অতিরিক্ত সচিব মিজানুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা: আব্দুর রহমান খান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এমএ আকমল হোসেন আজাদ, মন্ত্রণালয়ের যুগ্ম-প্রধান মোজাম্মেল হক, আইএমইডি’র প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নয়টি বিনিয়োগ প্রকল্পের মধ্যে রয়েছে, বগুড়ায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউট, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালকে ৩০০ শয্যায় উন্নীতকরণ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটকে ১০০ শয্যায় উন্নীতকরণ, পাঁচটি নার্সিং ইনস্টিটিউট ও খুলনায় কনডম তৈরীর কারখানা স্থাপন প্রকল্প।
এ খাতে মোট বরাদ্দের মধ্যে বাজেটে সরকারি বরাদ্দ হিসেবে এক হাজার ২৪ কোটি ৪৩ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে এক হাজার ১৫২ কোটি ৪৫ লাখ টাকা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেওয়া হয়।
