ধর্ষক পুলিশ নূর ইসলাম ২ দিনের রিমাণ্ডে
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত পুলিশের নায়েক নূর ইসলামকে দুই দিনের পুশি রিমাণ্ডে নেওয়া হয়েছে।
শনিবার মিরপুর থানা পুলিশ নূর ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমাণ্ডের আবেদন করলে ঢাকার মহানগর হাকিম সেলিনা আকতারের আদালত দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করে।
সূত্র জানায়, ময়মনসিংহ জেলার ফুলপুরের চাঁনপুর গ্রামের এক কিশোরী যশোর যাওয়ার জন্য বুধবার বাসে করে মহাখালী পৌঁছে। সেখান থেকে সিএনজিতে করে গাবতলী বাসস্ট্যাণ্ডে যায়। বাস আগেই ছেড়ে চলে গেলে স্ট্যাণ্ডের চায়ের দোকানদার আফজালকে (৬০) সে রাতে আশ্রয়ের জন্য অনুরোধ করে। তার অনুরোধে আফজাল তাকে আশ্রয় দেয়।
পরদিন সকালে টহল পুলিশের নায়েক নূর ইসলাম তাকে বাসে উঠিয়ে দেওয়ার নাম করে আফজালের কাছ থেকে এক হোটেলে নিয়ে যায় এবং ধর্ষণ করে।
পরে কিশোরীটি তার দুর্ভাগ্যের কথা আফজালকে জানালে আফজাল মিরপুর থানায় নূর ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। শুক্রবার সন্ধ্যায় নূর ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে।
