এলজিআরডি মন্ত্রীর সাথে এডিবি প্রতিনিধিদলের সাক্ষাত
রাজধানীতে পানি সরবরাহ বৃদ্ধিতে প্রক্রিয়াগত কারণে যাতে কোন বিলম্ব না ঘটে, সে ব্যাপারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী আবদুল মান্নান ভূইয়াঁর সহযোগিতা কামনা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
এডিবির কান্ট্রি ডিরেক্টর মিস হুয়া ডু’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল (ফ্যাক্ট ফাইন্ডিং মিশন) শনিবার এলজিআরডি মন্ত্রীর সাথে তার সচিবালয় কার্যালয়ে সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দল ঢাকা শহরে পানি সরবরাহ বৃদ্ধি এবং সিস্টেম লস কমানোসহ বিভিন্ন বিষয়ে মন্ত্রীর সাথে আলোচনা করেন এবং এ ব্যাপারে এডিবির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাতকালে এলজিআরডি মন্ত্রী অঞ্চল ভিত্তিক পানি সরবরাহ ও মিটার স্থাপনের মাধ্যমে সিস্টেম লস কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিনিধি দলের সদস্য নগর উন্নয়ন বিশেষজ্ঞ শাকিল খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মোহাম্মদ শরফুল আলম, যুগ্ম সচিব (পানি সরবরাহ) মোহাম্মদ মোখলেছুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ খোরশেদ আলম, ঢাকা ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী আজম এসময় উপস্থিত ছিলেন।
