মহিলা দলের নেত্রীর বাসা থেকে ১১ যৌনকর্মী আটক
পুলিশ শুক্রবার রাতে মহিলা দলের এক নেত্রীর বাসা এবং একটি হোটেল থেকে ১১ যৌনকর্মী ও দুই খদ্দেরকে আটক করেছে।
পল্টন থানা পুলিশ নগরীর চামেলীবাগে মহিলা দলের ওই নেত্রীর বাসা থেকে চার যৌনকর্মী ও দুই খদ্দেরকে আটক করে। তবে পুলিশ ওই নেত্রীকে গ্রেফতার করতে পারেনি।
আটক যৌনকর্মীদের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে। আটক দুই খদ্দেরের নাম ফারুক ও আজাদ।
সূত্র জানায়, মহিলা দলের মতিঝিল থানা শাখার সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম ক্ষমতাসীন দল ও প্রশাসনের প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশে দীর্ঘদিন ধরে তার বাসায় যৌন ব্যবসা চালিয়ে আসছিলেন।
সূত্র আরও জানায়, পল্টন থানা পুলিশ শুক্রবার রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে চামেলীবাগের ৫২ নম্বর বাসার চার তলা থেকে যৌনকর্মী ও খদ্দেরদের আটক করে। এসময় মহিলা দলের ওই নেত্রী বাসায় ছিলেন না।
পল্টন থানার সেকেন্ড অফিসার মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, টেলিফোনে খবর পেয়ে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে যৌনকর্মী ও খদ্দেরদের আটক করে।
দীর্ঘ দিন ধরে ওই বাসায় যৌন ব্যবসা চলছিল বলে তিনি জানান।
ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (পূর্ব) মাহবুব আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে জানান, তল্লাশি অভিযানের আগে তার কাছে অতিরিক্ত মহিলা পুলিশ পাঠাতে বলা হয়।
আটককৃতদের আদালতে হাজির করা হয়েছে বলে পল্টন থানা পুলিশ জানায়।
অন্য এক অভিযানে, ডিবি পুলিশ রাজধানীর মগবাজারের একটি হোটেল থেকে সাত যৌনকর্মীকে আটক করে।
পুলিশ জানায়, মগবাজারের হোটেল সেন্ট মার্টিনের ৩০২ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটকের পর ডিবি পুলিশ তাদের রমনা থানায় সোপর্দ করে এবং রমনা থানা পুলিশ তাদের আদালতে হাজির করে।
