২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইমারত নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড অনুসরণ বাধ্যতামূলক করতে হবে-খাদ্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

খাদ্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, ইমারত নির্মাণের ক্ষেত্রে জাতীয় বিল্ডিং কোড অনুসরণ বাধ্যতামূলক করতে হবে। বর্তমানে দেশের অধিকাংশ নির্মাণকারী এটি অনুসরণ করছেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

এলজিইডি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো আয়োজিত ভুমিকম্প ব্যবস্থাপনা ও বিল্ডিং কোড সম্পর্কিত দিনব্যাপি ব্্িরফিং সেশনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, সাভারে ৯ তলা ভবন ধসের ট্র্যাজিডি থেকে শিক্ষা নিয়ে নির্মাণ কাজে সতর্কতা অবলম্বন করা উচিত।

এলজিইডির প্রধান প্রকৌশলী শহিদুল হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর জামিলুর রেজা চৌধুরী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

মন্ত্রী বলেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকবেলায় স্ট্রাকচারাল ও নন-স্ট্রাকচারাল ব্যবস্থাপনা গ্রহণ করা প্রয়োজন। এছাড়া দুর্যোগের ফোকাল পয়েন্ট নির্ণয়, দুর্যোগ মোকাবেলা কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের মধ্যে যোগসূত্র স্থাপন সবচে বেশি প্রয়োজন।

মন্ত্রী আরও বলেন, বিগত দুদশক ধরে ঢাকা শহরে অপরিকল্পিতভাবে এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ক্রুটিপূর্ণ ও ঝুকিপূর্ণ অগনিত বহুতল ভবন গড়ে উঠেছে। এছাড়া অধিকাংশ শিল্প কারখানায় জানমালের নিরাপত্তার যথাযথ ব্যবস্থা নেই। ফলে দুর্ঘটনা ও ঝুঁকির মধ্যে লাখ লাখ শ্রমিক কাজ করছে।

তিনি এসব ঝুঁকি ও দুর্যোগ মোকাবেলায় ব্যাপক গনসচেতনা সৃষ্টি করতে সকলের প্রতি আহবান জানান।

এ ব্রিফিং সেশনে বিশেষজ্ঞরা আশংকা প্রকাশ করেন, বাংলাদেশে যে কোন মুহূর্তে ভুমিকম্প হতে পারে। ভুমিকম্পের সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা হিসেবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ জেলাকে চিহ্নিত করা হয়।