দেশের সেকেলে পরিসংখ্যান ব্যবস্থা আধুনিকায়নে আন্তর্জাতিক বিশেষজ্ঞ নিয়োগের সিদ্ধান্ত
দেশের সেকেলে হিসাব নিকাশ এবং পরিসংখ্যান ব্যবস্থাকে আধুনিকায়ন করতে সরকার একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
পরিকল্পনা সচিব আখতার হোসেন বলেছেন, জাতীয় অর্থনীতির হিসাব নিকেশকে আরো গতিশীল এবং নির্ভরযোগ্য করতে দেশের বিশেষজ্ঞদের সহায়তা করতে আগামী সেপ্টেম্বরে একজন আন্তর্জাতিক বিশেসজ্ঞ আসবেন।
জাতীয় হিসেব নিকেশ ব্যবস্থাকে পুনঃমূলায়ন করে নতুন করে সাজাতে এ বছরের ফেব্রুয়ারি মাসে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালককে পধান করে দু’টি আলাদা কমিটি গঠন করা হয়।
পরিকল্পনা কমিশনের একটি সূত্র বিডিনিউজকে জানায়, পরিসংখ্যান ব্যুরোর মহা পরিচালককে নিয়ে গঠিত এ কমিটি দু’টি বৈঠক ছাড়া আর কোন কাজই করতে পারেনননি। এ কমিটির ৩য় বৈঠক আগামী ৭ আগষ্ট অনুষ্ঠিত হবে।
আখতার হোসেন বলেন, জাতিসংঘের সামাজিক এবং অর্থনৈতিক কমিশন এ বিশেষজ্ঞকে পাঠাচ্ছেন।
বিশিষ্ট অর্থনীতিবিদ এবং তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একটি কমিটির প্রধান হলেও বিদেশী বিশেষজ্ঞ আনার ব্যাপারে তিনি কোন কিছুই জানেন না। তবে তিনি একজন সার্বক্ষনিক বিদেশী বিশেষজ্ঞ আনার ব্যাপারে একমত পোষণ করেন।
পরিকল্পনা কমিশনের একজন কর্মকর্তা বলেন, বিদেশী বিশেষজ্ঞ দেশে এসে কি কাজ করবেন তা তাদের জানা নেই তবে সামষ্টিক অর্থনীতির নির্ভরযোগ্য এবং প্রাসঙ্গিক নির্দেশিকার জন্য তাকে অবশ্যই মাঠ পর্যায়ের তথ্য সম্পর্কে অবহিত হতে হবে।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তা বলেন, কাজটি পরিসংখ্যান বুরে্যার করার কথা থাকলেও দক্ষ লোকের অভাবে তারা তা করতে পারেনি।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এর আগে নির্দিধায় বলেছিলেন, বাংলাদেশ প্রাচীন পদ্ধতিতে যেভাবে দেশের পরিসংখ্যানের হিসাব করা হয় তা পরিবর্তন করে আধুনিক বিজ্ঞান সম্মত উপায়ে করা উচিত।
সোমবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে সাইফুর রহমান বলেন, উৎপাদন এবং ভোগের অনেক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হলেও তথ্য সংরক্ষণে প্রাচীন পদ্ধতির কারণে আমরা তার যথাযথ হিসেব করতে পারিনি।
বিশেষজ্ঞরা বলছেন, দেশের অর্থনৈতিক সূচক নির্দেশনায় এখনো ১৯৯৫-৯৬ অর্থবছরকে ভিত হিসবে ধরা হয় যা দেশের সত্যিকার পরিস্থিতি তুলে ধরে না।
