২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুর শহর রক্ষা বাঁধ শেরপুরের চরাঞ্চলের মানুষের মরণ ফাঁদ

জামালপুরে শহর রক্ষা বাঁধ শেরপুরের চরাঞ্চলের মানুষের মরণ ফাঁদে পরিণত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বিমাতাসুলভ আচরনের কারণে ব্রহ্মপুত্র নদের মূল গতিপথ পরিবর্তিত হয়ে প্রতি বছর শেরপুর অংশে আঘাত হানায় তীব্র নদী ভাঙ্গনে ৬টি গ্রামের ঘরবাড়ি ও আবাদি জমিসহ দু’কিলোমিটার ফিডার রোড নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 09:31 AM

Updated : 26 Apr 2022, 05:56 PM

সংশ্লিষ্ট সূত্র ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানায়, ব্রহ্মপুত্র নদের শেরপুর অংশে নদী শাসনের ব্যবস্থা না করেই পানি উন্নয়ন বোর্ড আট বছর আগে একতরফাভাবে জামালপুর শহর রক্ষা বাঁধ নির্মান করে। এ বাঁধ দেওয়ার পর থেকে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ভাগলপুর, কুলুরচর, ডাকাতের গোপ, জঙ্গলদির একাংশ, চুনিয়াচর ও বেপারিপাড়া গ্রাম ব্রহ্মপুত্র নদের গর্ভে বিলীন হতে থাকে।

গত আট বছর এসব গ্রামের প্রায় তিন হাজার ঘরবাড়ি, আড়াই হাজার একর জমি, প্রায় তিন কিলোমিটার ফিডার রোডের প্রায় দু’কিলোমিটার পাকা রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। অব্যাহত নদী ভাঙ্গনে এক হাজার কৃষিজীবী পরিবার তাদের ঘরবাড়ি, জায়গা-জমিসহ সহায় সম্বল হারিয়ে দিন মজুরে পরিণত হয়েছে।

প্রতি বছর বর্ষা মৌসুম শুরু হওয়ার পর এসব গ্রামের লোকজনকে নদী ভাঙ্গন থেকে বাঁচার জন্য ঘরবাড়ি ভেঙ্গে অন্যত্র সরিয়ে নিতে হয়।

এক সময়ের কিছু সংখ্যক স্বচ্ছল কৃষক পরিবার তাদের বাপ-দাদার ভিটামাটির মায়ায় ২০/২৫ বার ঘরবাড়ি ভেঙ্গে অন্যত্র সরিয়ে ওই এলাকায়ই পড়ে আছেন নাড়ির টানে।

চরপক্ষীমারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার হাছেন আলী (৬৫) বিডিনিউজকে জানান, জামালপুরের পাথালিয়া এলাকা থেকে চর পক্ষীমারী ইউনিয়নের মৌজার শেষ সীমানা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার শহর রক্ষা বাঁধ নির্মান করায় শেরপুর অংশে চরাঞ্চলের ওই ছয়টি গ্রামের মানুষের দুর্ভোগের শেষ নেই।

ভাগলগড় গ্রামের কৃষক শামছুদ্দিন (৫০) বলেন, তার প্রায় ৬০ বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়েছে। দু’বার বাড়ি নদী গর্ভে বিলীন হওয়ার পর হরিণধরা গ্রামে জমি কিনে বাড়ি করে বসবাস করছেন।

তিনি আরও জানান, জমি নদী গর্ভে বিলীন হলে তাকে বলে নদী শিখতি এবং যখন জমি জেগে ওঠে, তাকে বলে নদী পয়স্তি। একবার জমি ভেঙ্গে নদীতে বিলীন হলে তা সরকারের ১ নং খাস খতিয়ানে উঠে যায়। শুষ্ক মৌসুমে আবার সেই জমি জেগে উঠলেও বিক্রি করা যায় না। ফলে এখানে মানুষের জীবন কাটছে কষ্টে।

তাদের অধিকাংশই এখন এলাকা ছেড়ে ঢাকা ও জামালপুর শহরে রিক্সা চালাচ্ছে বলে তিনি জানান। আবার অনেকেই ঘরবাড়ি ভেঙ্গে চরমুচারিয়া, হরিণধরা, টাকিমারী ও ভাগলগড়ের নতুন চরে ঠিকানা গেড়েছে।

হরিণধরা গ্রামের কৃষক নুরুল ইসলাম (৬৫) জানান, ভাগলগড় পুরো গ্রামটিই নদী গর্ভে চলে গেছে।

ভাগলগড় গ্রামের কৃষক মোজাম্মেল হক (৪০) বলেন, নদী ভাঙ্গনের কবলে পড়ে গত আট বছরে তার বাড়ি ১৪ বার ভেঙ্গে অন্যত্র সরাতে হয়েছে।

বর্তমানে হরিণধরা গ্রামের বাসিন্দা মোহাম্মদ লুৎফর রহমান জানালেন, আট বছরে তাকে ২০/২৫ বার বাড়ি ভেঙ্গে সরাতে হয়েছে।

সরেজমিনে বেপারি পাড়ায় গিয়ে দেখা যায়, গ্রামটির পুরো অস্তিত্বই প্রায় নদী গর্ভে বিলীন হয়েছে। যে সামান্য অংশটুকু বাকি আছে, সেখানে শুরু হয়েছে ভয়াবহ ভাঙ্গন।

কুলুরচর বেপারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে হুমকির মুখে। মাত্র ১০/১৫ ফুট জায়গা ভাঙ্গলেই বেপারিপাড়ার অস্তিত্ব বহনকারী শেষ স্থাপনা ওই প্রাথমিক বিদ্যালয়টি নদীতে বিলীন হয়ে যাবে।

এ ব্যাপারে চরপক্ষীমারী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস উদ্দিন বিডিনিউজকে জানান, তার ইউনিয়নের ডাকাতের গোপ, জঙ্গলদি, ভাগলগড়, বেপারিপাড়া, ডাকপাড়া বালুর চর, কুলুর চর, টাকিমারী, চুনিয়ার চর ও ডাকপাড়া গ্রামের সাতটি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় গত কয়েক বছরে নদী গর্ভে বিলীন হয়েছে। এছাড়া ১২টি মসজিদ, একটি মাদ্রাসা ও একটি মক্তব নিশ্চিহ্ন হয়েছে। সহস্রাধিক পরিবার ভূমিহীন হয়েছে।

তিনি বলেন, নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য সরকারের ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও কোন সাড়া পাওয়া যায়নি।

শেরপুর জেলা চরবাসীর উন্নয়ন সংগ্রাম কমিটির আহবায়ক মোহাম্মদ আব্দুল মান্নান ভাসানী ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ হারেজ আলী এ ব্যাপারে বলেন, জামালপুর শহর রক্ষা বাঁধ শেরপুর জেলা চরবাসীদের ধ্বংসের একটি ষড়যন্ত্র। ওই বাঁধের কারণে ব্রহ্মপুত্র নদীর মূল প্রবাহ পরিবর্তন করে প্রায় দু‘ কিলোমিটার উত্তর-পূর্বদিকে সরে শেরপুর সদরের ভাগলগড়, চুনিয়াচর, ডাকপাড়া ও বেপারিপাড়া প্রায় সম্পূর্ণই নদী গর্ভে বিলীন হয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে আগামী দু‘তিন বছরে নদী সড়ক ও জনপথের রাস্তার পোড়া দোকানের কজওয়ের কাছে চলে আসবে বিধায় পুরো চর এলাকা হুমকির সম্মুখিন। ইতোমধ্যেই ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য বন্যার পানির প্রবাহে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চরের ১২টি ইউনিয়নের তিন লক্ষাধিক চরবাসীর জীবন জীবিকা রাস্তাঘাট অবকাঠামো রক্ষার্থে শেরপুর ফেরিঘাট থেকে বেনুয়ারচর বাজার পর্যন্ত ১৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ অপরিহার্য।

এ বিষয়ে শেরপুর ও জামালপুরের দায়িত্বপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী মজিবর রহমান মিয়া বিডিনিজউকে জানান, প্রকৃতির খেয়ালে কোথায় নদী ভাঙ্গন দেখা দেবে তা কেউ বলতে পারে না। শেরপুর অংশে নদী শাসনের জন্য তিন কোটি টাকার একটি স্কিম উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।