২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে বেনাপোল বন্দর ৮ দিন ধরে অচল

ভারতীয় কয়েকটি পরিবহন মালিক সমিতির ধর্মঘটের কারণে বেনাপোল বন্দর আট দিন ধরে সম্পূর্ণ অচল রয়েছে। বন্ধ রয়েছে ভারত থেকে কাঁচামাল আমদানি।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 10:10 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

এর ফলে স্থানীয় হাজার হাজার ক্ষুদ্র ও কুটির শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে।

অন্যদিকে, বাংলাদেশী পাঁচটি পরিবহন মালিক সমিতিও বৃহস্পতিবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছে।

বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিদিন প্রায় ১০ কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি হয়। ধর্মঘটের কারণে সরকারের প্রতিদিন ১০ কোটি টাকা ক্ষতি হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশী শিল্প কারখানার জন্য কাঁচামাল বহনকারী অনেক ট্রাকসহ প্রায় তিন হাজার ট্রাক বন্দরের ভারতীয় সীমান্তে আটকে আছে। ধর্মঘটের কারণে পণ্য খালাস করা শতশত শ্রমিক এখন বেকার।

এ মাসের প্রথম দিকে বন্দর কর্তৃপক্ষ ভারতীয় চারটি খালি ট্রাক আটক করার পর পশ্চিবঙ্গের ক্ষমতাসীন সিপিএম দল সমর্থিত একটি পরিবহন মালিক সমিতিসহ ভারতীয় চারটি পরিবহন মালিক সমিতি ধর্মঘট ডাকে। তখন থেকে পরিস্থিতি খারাপ হতে শুরু করে।

অন্যদিকে, বেনাপোল বন্দর ব্যবহারকারী বাংলাদেশের পাঁচটি পরিবহন মালিক সমিতি বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে।

চলতি বছরের প্রথম সাত মাসে বেনাপোল বন্দরে ৩০ দিন ধর্মঘট পালিত হয়।