আগুগঞ্জের দুই গ্রামে বিবাদ: অচলাবস্থা কাটেনি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুই গ্রামের মধ্যে বিবাদ মেটানোর জন্যে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাদের চেষ্টা অব্যাহত আছে। আশুগঞ্জের পরিস্থিতি এখন কিছুটা শান্ত। এদিকে আশুগঞ্জের সোহাগপুর গ্রামবাসী এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে সূত্র জানিয়েছে।
আশুগঞ্জ বাজার এলাকায় মোতায়েন করা বিডিআর এবং আর্মড পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। বন্দরের ব্যবসা বাণিজ্য বৃহস্পতিবার সীমিতভাবে শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ভূমি প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার, স্থানীয় এমপি হারুন আল রশিদ, আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর প্রমুখ এ ঘটনা নিস্পত্তির জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে বৃহস্পতিবার বিকেলে আশুগঞ্জ বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সংঘর্ষের সময় চরচারতলা গ্রামের দাঙ্গাবাজরা সোহাগপুর মডেল কলেজসহ শতাধিক বাড়িঘরের মালামাল লুটপাট করে। এতে প্রায় এক কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। আশুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম কমান্ডার সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা কমিটির সভাপতি জহিরুল ইসলাম জারু।
