২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ভৈরব নদে ট্রলার ডুবি, নিখোঁজ ৮, এক শিশুর লাশ উদ্ধার

বাগেরহাট শহর সংলগ্ন ভৈরব নদে বৃহস্পতিবার দুপুরে এম.এল. মেহেদী নামে যাত্রী ও একটি মালবাহী ট্রলার ডুবে অন্তত ৮ যাত্রী নিখোঁজ হয়েছে। উদ্ধার করা হয়েছে এক শিশুর লাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 07:06 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

অতিরিক্ত যাত্রী ও পণ্য বোঝাই ট্রলারটি বাগেরহাটের সুপারিপট্টি ঘাট থেকে মোরেলগঞ্জের পাঁচগাঁও যাবার উদ্দেশ্যে রওনা হওয়ার সাথেসাথেই এক দিকে কাত হয়ে ডুবে গেলে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজদের সন্ধানে খুলনা ও বাগেরহাটের দমকল বাহিনীর ডুবুরী দল নদীতে তল্লাশী চালিয়ে তিনজনকে জীবিত ও একটি শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। যাত্রীদের আটজন নিখোঁজ রযেছে।

উদ্ধারকৃতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।্ এদের মধ্যে আব্দুর রবের পুত্র আব্দুর রাজ্জাক (২০) এর পরিচয় জানা গেছে। মৃত শিশুটির নাম ফাতেমাতুজ্ জোহরা লিয়া (২)। সে মোরেলগঞ্জ উপজেলার খারুইখালী গ্রামের মোজাম্মেল হোসেন জামিলের কন্যা। লিয়া তার মা ও মামার সাথে বাড়ি ফিরছিলো। স্থানীয় বাগেরহাট বাজারের শ্রমিকরা দমকল কর্মীদের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে তীরে নিয়ে আসার পর ট্রলারের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার তৎপরতা তত্ত্বাবধানকারী খুলনা দমকল বিভাগের উপপরিচালক শেখ মো. মিজানুর রহমান জানান, অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই করার কারণে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। ডুবে যাওয়া ট্রলার থেকে শতাধিক বস্তা চাউল, টিন, ভুষি, ফিশ মিল, বিভিন্ন মনোহরি পণ্য উদ্ধার করা হয়।

প্রতক্ষদর্শীরা জানিয়েছে, ট্রলারে অন্তত ২৫/ ৩০ জন যাত্রী ছিলো। নদীতে পানির প্রবল চাপ ও স্রোত থাকায় নিখোঁজরা ভেসে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সামাদ জানান, দুর্ঘটনার পর থেকে ট্রলারের মালিক আব্দুস সালাম ফরাজী ও অন্যান্য মাঝি মাল্লা গা ঢাকা দিয়েছে। উদ্ধারকৃত মালামাল ও ট্রলারটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।