ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেফতার
কুমিল্লায় ছিনতাইয়ের অভিযোগে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ড্রাইভার কনস্টেবল (নং ৫২১) অমল চন্দ্র সাহাকে গ্রেফতার করা হয়েছে।
শহরের শাসনগাছা এলাকায় ১৫ হাজার টাকা এবং একটি মোবাইল সেট ছিনতাইয়ের অভিযোগে তাকে গ্রেফতার করা হয।
পুলিশ জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টায় শহরের শাসনগাছা এলাকার হোটেল মেলোডি থেকে নামার পথে মাইনুদ্দিন ওরফে মিশন নামে এক যুবকের কাছ থেকে কনস্টেবল অমল ও অপর যুবক কামাল পাশা ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে যায়।
ছিনতাই শেষে তারা মিশনকে ঢাকাগামি একটি বাসে উঠিয়ে দেয় এবং এ ঘটনা কাউকে না বলার জন্য সতর্ক করে দেয়।
মঙ্গলবার মিশন আবার কুমিল্লায় এসে হোটেল মেলোডিতে উঠে হোটেলের ম্যানাজারসহ অন্যান্যদের বিষয়টি জানান। তার বর্ণনা অনুযায়ী সকলে নিশ্চিত হন, ছিনতাইকারিদের একজন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ড্রাইভার।
পরে লোকজন নিয়ে মিশন কান্দিরপাড় পুলিশ ফাঁড়িতে গিয়ে অমল চন্দ্র সাহাকে ছিনতাইকারি হিসেবে সনাক্ত করে এবং কেতোয়ালী থানায় আইনশৃংখলা বিঘ্নকারি অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা টিএসআই গোলাম ফারুক ভূইয়া জানান, নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
