মার্কিন প্রশিক্ষক দ্বারা বাংলাদেশের সমুদ্র তীরবর্তী নিরাপত্তা প্রহরীদের প্রশিক্ষণ সম্পন্ন
বাংলাদেশের সমুদ্র বন্দরের নিরাপত্তায় কর্ণফুলি নদীতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রশিক্ষণ মহড়া বুধবার সকালে শেষ হয়েছে।
এখানে মূলত নিরাপত্তার মূল বিষয় বিশেষ করে অস্ত্র চালনা ও প্রশিক্ষণ জ্ঞান দেয়া হয়েছে।
মার্কিন কোস্ট গার্ডদের দ্বারা পরিচালিত দুই সপ্তাহ ব্যাপী এই প্রশিক্ষণে বাংলাদেশের নৌ বাহিনী ও কোস্ট গার্ড ক্রুরা অংশ নেন।
বাংলাদেশ নৌ বাহিনীর পাঁচজন কর্মকর্তা, ১১ জন কোস্ট ক্রু এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। অন্যদিকে মার্কিন কোস্ট গার্ড এর প্রশিক্ষক ছিল পাঁচজন।
প্রশিক্ষণের প্রাক্কালে মার্কিন কোস্টগার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ ডিভিশনের দলনেতা ল্যাফট্যানেন্ট মিচেরো ওয়েভার বলেন, বাংলাদেশের কোস্ট গার্ডদের ক্রিমিনাল , মাদক পাচার ও নিষিদ্ধ পণ্য ধরা এবং বন্দুক চালনা ও মূল্যবান সম্পদ রক্ষার জন্য উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
এই প্রশিক্ষন সুবিধা সম্পর্কে বাংলাদেশ নৌ বাহিনীর লেফট্যানেন্ট কমান্ডার এম এ আহাদ বলেন, প্রশিক্ষণটি বাংলাদেশ নেভি ও বাংলাদেশ কোস্ট গার্ডদের পেশাগত উন্নয়নে, জ্ঞান বৃদ্ধিতে ও তাদের অভিযানে সহায়ক হবে।
বাংলাদেশ কোস্ট গার্ড তাদের নিয়মিত কাজের বাইরেও বহিঃনোঙ্গরে যেসব জাহাজ আসে তাদের ডাকাতদের হাত থেকে রক্ষার জন্য পাহাড়া দিয়ে বন্দরে নিয়ে আসবে ।
এই প্রশিক্ষণটি ১৮ জুলাই শুরু হয়েছিল এবং আগামী বৃহস্পতিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।
