ত্রি-দেশীয় পাইপলাইনে ঢাকার অংশগ্রহণ নির্ভর করছে ভারত ও মায়ানমারের ওপর
মায়ানমার-বাংলাদেশ-ভারত পাইপলাইনে ঢাকার অংশগ্রহণ নির্ভর করছে নয়াদিল্লি ও ইয়াঙ্গুনের ইচ্ছার ওপর।
মঙ্গলবার রাজধানিতে দক্ষিণ এশিয়ার জ্বালানি বিষয়ক সাংবাদিকদের তিন দিনব্যাপী বৈঠকের উদ্বোধনী অধিবেশনে পাইপলাইন সংক্রান্ত বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়।
অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, ভারত ও মায়ানমার যদি পাইপলাইনে বাংলাদেশের অংশগ্রহনের প্রয়োজন আছে বলে মনে করে, তাহলে আমরা অংশগ্রহণ ও আলোচনা করব।
এ মাসের শুরুতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারত ও মায়ানমারের জ্বালানি মন্ত্রীদের বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা যদি এলএনজি, সিএনজি’র মতো বিকল্প নিয়ে চিন্তা-ভাবনা করে, সেটি তাদের ব্যাপার। তারা বাংলাদেশকে বাইপাস করতে চাইলে, সেটিও তাদের সিদ্ধান্তেরই ব্যাপার।
স্বাগতিক বাংলাদেশসহ আফগানিস্তান, ভুটান, ভারত, নেপাল ও পাকিস্তানের ৫০ জন জ্বালানি বিষয়ক সাংবাদিক এ বৈঠকে অংশ নিচ্ছেন। ইউএস এনার্জি অ্যাসোসিয়েশন এ বৈঠকের আয়োজন করেছে ইউএসএইড এবং এসএআরআই/ই’র সহযোগিতায়।
জ্বালানি উপদেষ্টা বলেন, এটি খুবই স্বাভাবিক যে, ক্রস বর্ডার পাইপলাইনের ক্ষেত্রে প্রত্যেকেই নিজ নিজ স্বার্থ নিশ্চিত করতে চাইবে। এক্ষেত্রে স্পষ্টতই আমরা আমাদের স্বার্থকেই বড় করে দেখব।
গত জানুয়ারিতে অনুষ্ঠিত বৈঠকে এক বিলিয়ন মার্কিন ডলারের পাইপলাইন প্রকল্পের ব্যাপারে তিন দেশের মন্ত্রিরা একমত হয়েছিলেন। বাংলাদেশকে বাদ দিয়ে জুলাইয়ে অনুষ্ঠিত ভারত ও মায়ানমারের জ্বালানি মন্ত্রীদের বৈঠকের আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাক এগিয়ে চলছিল। ভারত দেশের ভিতর দিয়ে পাইপলাইন নেয়ার ব্যাপারে বাংলাদেশের শর্তের কথা জানতে চাইলে বাংলাদেশও সে অনুযায়ী খসড়া প্রস্তুত করতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে। দেশের ভিতর দিয়ে পাইপলাইন নিয়ে যাওয়ার ক্ষেত্রে ঢাকা দিল্লির সাথে বাণিজ্যিক ভারসাম্য কমিয়ে আনার দাবি জানায় এবং ভুটান ও নেপালের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ও হিমালয়ের ওই দুটি দেশ থেকে বিদ্যুৎ আমদানির জন্য ভারতের কাছে করিডোর সুবিধা চাওয়া হয়।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত তিন দেশের জ্বালানি মন্ত্রিদের বৈঠকে একটি টেকনো কমার্শিয়াল কমিটি গঠন করা হয় এবং একটি সমঝোতা স্মারকের খসড়া প্রস্তুত করা হয়।
সাংবাদিকদের বৈঠকে জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ভারতের আসাম, নেপাল ও ভুটানের এক লাখ মেগাওয়াট হাইড্রোপাওয়ারের যে সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগানোর জন্য আঞ্চলিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করেন।
সার্ক বৈদ্যুতিক গ্রিড সম্পর্কে তিনি বলেন, এটি নিয়ে এখনও আলোচনা চলছে, কিন্তু তা এখনও নীতিনির্ধারণী পর্যায়ে যায়নি। সেপ্টেম্বরে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য জ্বালানি মন্ত্রিদের বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে তিনি জানান।
