২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগে প্রস্তুতি থাকলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সম্ভব: খাদ্য ও দুর্যোগ মন্ত্রী

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, আগে প্রস্তুতি থাকলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এ ব্যাপারে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 04:26 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

তিনি মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে সিডিএমপি আয়োজিত ‘দুর্যোগজনিত ঝুঁকি হ্রাস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক রফিকুল মোহামেদের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার, সমাজ কল্যাণ বিভাগের পরিচালক আতিকুর রহমান। কর্মশালায় ৮০ জন ছাত্রছাত্রী অংশ নেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ভৌগোলিক অবস্থানগত কারণেই দুর্যোগপ্রবণ দেশ। প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে বহু জানমালের ক্ষতি হয়। বিশ্বায়নের যুগে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জনের দ্বার উন্মুক্ত করে দিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বলেন, প্রাকৃতিক দুর্যোগ উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে একটি বিরাট সমস্যা। ছাত্রছাত্রীদের শিক্ষা দানের জন্যে দুর্যোগ ব্যবস্থাপনার কৌশল সম্পর্কিত বিষয় কারিক্যুলামে অন্তর্ভুক্ত করতে হবে।