টাঙ্গাইলে একই স্থানে বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকের আলাদা অনুষ্ঠান থাকায় ১৪৪ ধারা জারি
বিএনপি জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক একই সময়ে একই স্থানে দুটি পৃথক অনুষ্ঠান আহ্বান করায় টাঙ্গাইলের বরুহা (দক্ষিণপাড়া) খেলার মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধ নতুন করে প্রকাশ্য রূপ নিয়েছে।
সোমবার একটি ফুটবল খেলার অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে ছাত্রদলের স্থানীয় ইউনিয়ন কমিটি একই স্থানে জেলা শাখার সভাপতি মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানকে প্রধান অতিথি করে কর্মীসভা আহ্বান করে এবং এ বিষয়ে শহরে মাইকে প্রচারণা চালায়। অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট শামসুল আলম ভূইয়া বরুহা খেলার মাঠ ও আশ-পাশের এলাকায় সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।
১৪৪ ধারা জারির পর পার্শ্ববর্তী হোসনে আরা হাসান বালিকা বিদ্যালয়ে স্থানীয় বরুহা সেবক সংঘ আয়োজিত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বুলবুল। তবে ছাত্রদলের কোন কর্মীসভা অনুষ্ঠিত হয়নি।
