রাজশাহীর গোলাম রাব্বানী হত্যা মামলায় ৬ জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন
রাজশাহীর বাগমারা থানার শুভাড্ডা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী হত্যা মামলার রায়ে আদালত সোমবার ছয় জনের ফাঁসি এবং পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।
রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল ইসলাম এ রায় ঘোষণা করেন।
ফাঁসির আদেশপ্রাপ্তরা হচ্ছে-ফারুক ওরফে ফারতুন, মোহাম্মদ আব্দুল গফুর মিলন, বিকাশ কুমার সরকার, মোহাম্মদ সেতাবউদ্দিন, সামান ওরফে সামাদ ও মো. মতিহার রহমান মন্টু। তাদের বিরুদ্ধে পেনাল কোডের ৩০৩/১০৯/৩৪ ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে।
এছাড়া আরও পাঁচ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।
ফাঁসির আদেশপ্রাপ্ত আসামিদের মধ্যে বিকাশ কুমার সরকার ও মোহাম্মদ মতিহার রহমান মন্টু পলাতক রয়েছে।
২০০০ সালের ১৬ জানুয়ারি বাগমারার সচমইল বাজারের কাছে গোলাম রাব্বানী খুন হন।
হত্যাকাণ্ডের পর তার ভাই গোলাম রহমান বাদি হয়ে ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
