২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল কাস্টমস ও বন্দরে ২৮ জুলাই থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা

ভারতীয় ট্রাক শ্রমিক ইউনয়নের ডাকা লাগাতার ধর্মঘটের ৪র্থ দিনেও বেনাপোল বন্দর দিয়ে দু’ দেশের আমদানি-রফতানি বাণিজ্য চালু হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 09:05 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

এদিকে, বাংলাদেশের বেনাপোল বন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠন কাস্টমস এর হয়রানি বন্ধে ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে ২৮ জুলাই থেকে বেনাপোল বন্দরে অনির্দিস্টকালের জন্যে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে।

এদিকে, ভারতীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের লাগাতার ধর্মঘট ও বেনাপোল বন্দর ব্যবহারকারীদের লাগাতার কর্মবিরতির ঘোষনায় বেনাপোল বন্দর কার্যত অচল হয়ে পড়েছে।

রোববার বন্দর ব্যবহারকারীরা কাস্টমস ও বন্দরে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে। ফলে বন্দর ও কাস্টম হাউজে কোনও কাজ হয়নি। এদিকে আজও ভারত থেকে বেনাপোল বন্দরে আমাদনিকৃত পণ্য বোঝাই কোন ট্রাক প্রবেশ করেনি। বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় থাকা কয়েক হাজার পণ্যবোঝাই ট্রাক আটকা পড়ে আছে সেখানকার পেট্রাপোল বন্দরে।

বেনাপোল বন্দর ব্যবহারকারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আমাদানি রফতানিকারক সমিতি, ট্রান্সপোর্ট মালিক সমিতি, সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারি ইউনিয়ন ও বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন তাদের ১২ দফা দাবি পেশ করেছে। দাবির মধ্যে রয়েছে, ভ্যালুয়েশন কমিটি ও শ্রেণী বিন্যাস কমিটি বিলুপ্ত করা, সিআরএফকৃত পণ্যচালান সিআরএফ মূল্যে শুল্কায়ন, নন সিআরএফ পণ্যচালান, বিগত ছয় মাসের রেফারেন্স মূল্যে শুল্কায়ন,আমাদানিকৃত পণ্যচালান তিনবার ওজন বাতিল করে কেবল পরীক্ষণের সময় ওজন নিশ্চিতকরণ।

নেতৃবৃন্দ বলেন, বিগত অর্থ বছরে কেবল বেনাপোল কাস্টমস হাউজেই অর্জিত হয়েছে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। বেনাপোল কাস্টমস হাউজে কম্পিউটারাইজড পদ্ধতিতে সঠিক শুল্কায়ন হয়ে থাকে, যা দেশের অন্যকোন স্থল বন্দরে চালু হয়নি।

এ ব্যাপারে কাস্টমস কমিশনার জানান, ভারতীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের লাগাতার ধর্মঘটে যাওয়ার পূর্বে আটক চারটি ট্রাকের মধ্যে একটি ট্রাকের পক্ষে মালিকানা দাবি করে আবেদন করা হয়েছে, সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

এদিকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়েছে, বেনাপোল বন্দরে একদিনের ধর্মঘটে সরকারের প্রায় চার কোটি টাকার রাজস্ব লোকসান হয়ে থাকে।